|

ঢাকায় ফিরেছেন এভারেস্টজয়ী ওয়াসফিয়া
09 Jun 2012 06:00:29 PM Saturday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : ঢাকায় ফিরে এসেছেন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ানো নারী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ওয়াসফিয়া। দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠা ওয়াসফিয়া নাজরীন তার এ বিজয়কে দেশের নারীমুক্তি আন্দোলনে যুক্তদের উৎসর্গ করেন।
গত ২৬ মে সকাল ৬টা ৪১ মিনিটে হিমালয়ের দক্ষিণ দিক থেকে তিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন।
নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী ও চতুর্থ বাংলাদেশি যিনি এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান। ২৯ বছর বয়সী ওয়াসফিয়া নাজরীন দেশের সবচেয়ে কমবয়সী হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠেন।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওয়াসফিয়া আরো বলেন, ‘এটা আমার একার বিজয় নয়। বাংলাদেশের মানুষ উৎসাহ না দিলে এটা কখনোই অর্জিত হতো না।’
‘আমি আমার এ বিজয়কে দেশের নারীমুক্তি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি উৎসর্গ করছি।’ বলে উল্লেখ করেন তিনি।
বিপদসঙ্কুল পথ পেরিয়ে এভারেস্টের চূড়ায় ওঠার বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করেন ওয়াসফিয়া। তিনি বলেন, ‘ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প ফোর এ ওঠার সময় ক্যাম্প থ্রি পুরোটাই তুষারধসে ঢাকা পড়ে যায়। একটু আগেই আমরা ওখানে ছিলাম। ওখানে থাকলে মৃত্যু নিশ্চিত ছিল।’
ওয়াসফিয়া বলেন, ‘সকাল ৬টা ২৫ মিনিটে আমি যখন এভারেস্টের চূড়ায় উঠি, তখন সূর্যোদয় হচ্ছে। ওখান থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার মিটার উচ্চতার মাফালু কুমারুর চূড়া দেখা যাচ্ছিল। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব।’
বাংলাদেশ অন সেভেন সামিটস ফাউন্ডেশনের ব্যানারে ওয়াসফিয়া নাজরীনের এভারেস্ট অভিযানের সহ-আয়োজক ছিল এক্সপিডিশন হিমালয়া ডটকম। এভারেস্ট চূড়ায় আরোহণে তার সহযোগী তিনজন শেরপা সঙ্গী হচ্ছেন- নিমা গিরমান, দা কুসাং ও ফুরবা দর্জি। ওয়াসফিয়ার গ্রামের বাড়ি ফেনী। তবে তার জন্ম ঢাকায়। ছেলেবেলা কাটে চট্টগ্রামে। লেখাপড়া করেছেন আন্তর্জাতিক মানে। এ জন্য ২০০০ সালে ওয়াসফিয়া যান যুক্তরাষ্ট্রের আটলান্টায়। পরে স্কটল্যান্ডে। এখানে পড়েন সামাজিক মনোবিজ্ঞান আর স্টুডিও আর্ট। পড়ালেখা শেষ করে যোগ দেন এনজিওতে উন্নয়নকর্মী হিসেবে।
পরে চাকরি ছেড়ে নিজের উদ্যোগে আরো অনেককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন।
এরপর থেকেই চলছে তার পর্বত আরোহন অভিযান। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত চূড়ায় ওঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি।
এভারেস্ট জয়ের মধ্য দিয়ে এ পর্যন্ত তিনটি পর্বতচূড়া জয় করেছেন ওয়াসফিয়া। এর আগে ২০১১ সালের ২ অক্টোবর আফ্রিকা মহাদেশের শীর্ষ পর্বত কিলিমানজারো এবং ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতচূড়া অ্যাকোনকাগুয়া জয় করেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ২০১১ সালেই ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ শীর্ষক অভিযানের ঘোষণা দেন ওয়াসফিয়া।
উল্লেখ্য, ওয়াসফিয়া নাজরীনের মাত্র এক সপ্তাহ আগে গত ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার।
এছাড়া ২০১০ সালের ২৩ মে মুসা ইব্রাহীম প্রথম এবং ২০১১ সালের ২১ মে এম এ মুহিত দ্বিতীয় বাংলাদেশি যারা এভারেস্ট জয় করেন। তবে এম এ মুহিত প্রথম বাংলাদেশি যিনি এ পর্যন্ত দুই বার হিমালয় চূড়ায় উঠেছেন। ১৯ মে প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের সঙ্গী হয়ে দ্বিতীয়বারের মতো এভারেস্ট চূড়ায় ওঠেন মুহিত। তাদের এ অভিযান ছিলো নেপালের দিক থেকে। এর আগে এম এ মুহিত তিব্বতের দিক থেকে এভারেস্ট জয় করেন। এম এ মুহিতই একমাত্র বাঙালি যিনি উত্তর ও দক্ষিণ দুই দিক থেকে এভারেস্ট জয় করেছেন।
বাংলাদেশ সময় : ১৭৫১ ঘন্টা, জুন ০৯, ২০১২ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|