banglanews24.com Logo

ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রতিপক্ষ চিটাগং কিংস

18 Feb 2013   10:16:32 PM   Monday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টুর্নামেন্টের প্রথম থেকে দারুণ খেললেও শেষটায় ভালো হলো না সিলেট রয়্যালসের। সেমিফাইনাল ম্যাচে চিটাগং কিংসের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে দলটি। বিপিএল প্রথম আসরে সেমিফাইল খেলতে না দেওয়া কিংস দ্বিতীয় মৌসুমেই ফাইনাল খেলছে। মঙ্গলবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলবে তারা। গ্ল্যাডিয়েটরসও রেস-টু-ফাইনাল ম্যাচে সিলেটকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে দ্বিতীয়বারের মতো।  

সিলেট রয়্যালস: ১৪৯/৭ (২০ ওভার)
চিটাগং কিংস: ১৫০/৭ (১৯.১ ওভার)
ফল: চিটাগং কিংস তিন উইকেটে জয়ী  

মিস ফিল্ডিংই ডুবিয়েছে সিলেট রয়্যালসকে। শেষ পাঁচ ওভারে হাতের ফাঁক গলে যে বলগুলো সীমনার বাইরে গেছে সেগুলো সেভ করতে পারলে শেষদিকে হয়তো বলের চেয়ে রানই বেশি থাকতো। কেবল মিস ফিল্ডিংই নয়, বোলিং পরিকল্পনারও ঠিক ঠাক না হওয়ায় চিটাগং কিংসের জন্য ঠিকানায় পৌঁছানো সহজ হয়।

শেষ তিন ওভারে ২৮ রান লাগতো কিংসের। ১৮তম ওভারে এলটন চিগুম্বুরা দিলেন ২১ রান। খেলা মূলত ওখানেই শেষ হয়ে যায়। ১২ বলে সাত রান তোলা কষ্টসাধ্য কোনো কাজ ছিল না। তারপরেও ১৯তম ওভারে পেসার নাজমুল হোসেন দুই বলে দুই উইকেট নিয়ে আশা বাঁচিয়ে রাখেন। চূড়ান্ত ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেন রায়ান টেন ডেসকাট। পেসার সাজেদুল ইসলামের জন্য এই দুঃখ ভোলার নয়।

সিলেটের দেওয়া ১৫০ রানের লক্ষ্য কিংস পূরণ করে ১৯.১ ওভারে সাত উইকেটে। ওপেনিং ব্যাটসম্যান নাঈম ইসলাম ৩১, নুরুল হাসান ৩৩, ধারাবাহিক পারফরমার রায়ন টেন ডেসকাট হার না মান ৪৪ ও আরিফুল হক ২৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ২০ ওভারে সাত উইকেট হারিয়ে করে ১৪৯ রান। চিগুম্বুরা অপরাজিত ৪২ এবং মুশফিকুর রহিম ৩৬ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন রায়ান টেন ডেসকাট।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৩
এসএ/এফএইচএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত