banglanews24.com Logo

শীর্ষস্থান ছাড়ার আগে সেরেনাকে হারালেন আজারেঙ্কা

18 Feb 2013   03:12:12 AM   Monday BdST

স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দোহা: আনুষ্ঠানিকভাবে সোমবারই সবচেয়ে বেশি বয়সে ডব্লিউটিএ এককের শীর্ষস্থানে উঠলেন সেরেনা উইলিয়ামস। শীর্ষস্থান ছাড়ার আগে রোববার সেরেনাকে দ্বিতীয়বারের মতো হারের তিক্ত স্বাদ দিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশ টেনিস তারকা দুর্দান্ত এক জয়ে কাতার ওপেন শিরোপাও জিতে নিলেন।

সেট: ৭-৬ (৮-৬), ২-৬, ৬-৩
আজারেঙ্কা: ২-১ সেটে জয়ী

দোহার কোর্টে যুক্তরাষ্ট্রের কৃষ্ণ সুন্দরীকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জেতেন ২৩ বছরের বেলারুশের তরুণী।

প্রথম সেটটা জিতেছেন আজারেঙ্কাই। এই সেটে সেরেনার সঙ্গে কী প্রতিদ্বন্দ্বিতাই না হয়েছে তাঁর। একবার একজন এগিয়ে গেলে পরমুহূর্তেই এগিয়েছে অন্যজন। এভাবে চলতে চলতে সেট নিষ্পত্তি হয় টাইব্রেকারে। যেনতেন টাইব্রেকার না, ৭-৬ (৮-৬) গেম সেট সম্পন্ন হয়।

৩১ বছর বয়সী সেরেনা পরের সেটেই ঘুরে দাঁড়ান। বেলারুশ প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দেন ২-৬ গেমে। ম্যাচ ১-১ সমতায় এলে জমে যায় খেলা। ম্যাচ নির্ধারণী শেষ সেটে লড়াই হলেও এগিয়ে থাকলেন আজারেঙ্কাই। ৬-৩ গেমে তৃতীয় সেটটা জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।

সেরেনার কাছে টানা নয় ম্যাচ হেরে ১২তম মুখোমুখিতে দ্বিতীয় জয় পেলেন আজারেঙ্কা। কী করে তিনি দ্বিতীয় জয়টা পেলেন সেটাই বলছিলেন বেলারুশ তরুণী, “আমি চেয়েছি লড়াই করতে। প্রতিটা সুযোগ কাজে লাগিয়ে ফেরার চেষ্টা করেছি। মনে মনে বলেছি, তোমাকে কিছু একটা করতেই হবে। তা না হলে সেরেনা গেম জিতে নেবে।”

সাফল্যের সে যে কি তৃপ্তি সেটা প্রকাশ পেল আজারেঙ্কার স্বরে, “আমার গেমে এগিয়ে গেছি এবং খুশি এই জন্য যে ঘুরে দাঁড়াতে পেরেছি। এটা ধরে রাখাটাই কঠিন।”

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএ/আরআর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত