banglanews24.com Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড সিইও নিউইয়র্কে

14 Aug 2012   08:51:40 PM   Tuesday BdST

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইরানের সঙ্গে অবৈধ লেনদেন কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৃষ্ট বিবাদ মেটাতে আলোচনার জন্য নিউইয়র্ক পৌঁছেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী পিটার স্যান্ডস। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ সংক্রান্ত আলোচনায় তিনি ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সফর চলাকালীনই পিটার স্যান্ড বুধবার নিউইয়র্কে এ সংক্রান্ত একটি শুনানিতেও উপস্থিত হবেন বলে জানা গেছে। ইরানের সঙ্গে অবৈধ লেনদেনের কারণে কেন নিউইয়র্ক অঙ্গরাজ্যে ব্যাংকের কার্যক্রম স্থগিত হবে না __এ মর্মে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে  শুনানিতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়। আর এ নির্দেশ দিয়েছেন নিউইয়র্ক রাজ্যের আর্থিক খাত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিউইর্য়ক ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস বা ডিএফএস।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের একজন মুখপাত্র মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা নিউইয়র্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেসের কাছ এ শুনানির ধরন সম্পর্কে জানার অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, শুনানি কিভাবে পরিচালনা হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি ডিএফএস।

মুখপাত্র জানান, উদ্ভূত জটিলতার সমাধানে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা আলোচনা চালাতে ব্যাংকের নিযুক্ত আইনজীবীদের সঙ্গে কাজ করবেন পিটার স্যান্ডস।

গত সপ্তাহে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ডিএফএস’র সুপারিনটেনডেন্ট বেনজামিন লাস্কি এক ঘোষণায় বলেন, “ইরান-সংশ্লিষ্ট প্রায় ২৫ হাজার কোটি ডলার অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত স্ট্যান্ডার্ড চার্টার্ড।”

ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করায় ব্যাংকটিকে ‘অসাধু প্রতিষ্ঠান’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই ব্যাংকের প্রধান নির্বাহী পিটার স্যান্ডস নির্ধারিত ছুটি সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে কাজে যোগদান করেন।

পিটার স্যান্ডস ডিএফএস’র সুপারিনটেনন্ডেন্ট বেঞ্জামিন লাস্কির অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, তাদের পক্ষ থেকে পরিচালিত তদন্তে দেখা গেছে, নিষেধাজ্ঞা ভঙ্গ হয় এমন লেনদেন মাত্র এক কোটি ৪০ লাখ ডলার। তিনি লাস্কির বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বলেন, “অভিযোগ পুরোপুরি সামঞ্জস্যহীন।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের ঘোষণা মোতাবেক স্ট্যান্ডার্ড চার্টার্ডের লাইসেন্স প্রত্যাহার করে নেওয়া হলে ব্যাংকটি যুক্তরাষ্ট্রে সরাসরি কার্যক্রম পরিচালনার বৈধতা হারাবে। যদিও ব্যাংকটির অধিকাংশ লেনদেন এশিয়া ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, লাস্কি ৩৫ কোটি ডলার ক্ষতিপূরণের বিনিময়ে ব্যাংকটির সঙ্গে  সমঝোতায় আসতে আগ্রহী ছিলেন। তবে পরবর্তী সময়ে তা ২৫ কোটি ডলারে নেমে আসে বলে জানায় অপর একটি সূত্র।

তবে ব্যাংকের সঙ্গে কোনো ধরণের সমঝোতা আলোচনার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ডিএফএস।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
সম্পাদনা: মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত