banglanews24.com Logo

১৭ অক্টোবর অবস্থান ধর্মঘট

চট্টগ্রামে গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদের ৭ দফা

30 Sep 2012   01:15:29 PM   Sunday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জরুরি ভিত্তিতে আবাসিক-অনাবাসিক, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসসংযোগ দেওয়াসহ ৭ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদ।

অন্য দাবিগুলো হলো, চট্টগ্রামের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করে জরুরি ভিত্তিতে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত, আশুগঞ্জ-বাখরাবাদ ও বাখরাবাদ-চট্টগ্রাম প্যারালাল পাইপলাইন নির্মাণ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও লোডশেডিং থেকে পরিত্রাণ, গ্যাস-বিদ্যুৎ ও ওয়াসা কার্যালয়ের কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি বন্ধ, জরুরি ভিত্তিতে ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা।   

রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।

সম্মেলনে বলা হয়, ২০০৯ সালে যখন গ্যাসসংযোগ বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয় তখন গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুট, চট্টগ্রামে সরবরাহ হতো ২৪২ মিলিয়ন ঘনফুট। এখন ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও চট্টগ্রামে দেওয়া হচ্ছে মাত্র ২১০ মিলিয়ন ঘনফুট। চট্টগ্রামে ১২ হাজার আবেদনকারী গ্যাসসংযোগের অপেক্ষায় ৩ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। কোটি কোটি টাকা বিনিয়োগ করে বিপাকে পড়েছেন অনেক শিল্পোদ্যোক্তা।

সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আবাসিক ও বাণিজ্যিক উভয় খাতে গ্যাস-বিদ্যুৎ-পানির মতো নিত্যপ্রয়োজনীয় সেবার চরম সংকট দেখা দিয়েছে। সম্প্রতি শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুতের স্ট্যাগারিংয়ের নামে ১২ ঘণ্টা উৎপাদন বন্ধ রাখ‍া হচ্ছে। এতে এ অঞ্চলের শিল্পকারখানা ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের কারখানার সঙ্গে অসম প্রতিযোগিতায় উপনীত হয়েছে। হতাশ হয়ে পড়েছেন শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

বিভিন্ন প্রশ্নের জবাব দেন পরিষদের আহ্বায়ক নেছার আহমদ, চট্টগ্রাম সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার ও চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক সিরু বাঙালি, অধ্যাপক মাসুম চৌধুরী, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, গ্রাহক পরিষদের নেতা ওসমান গিণি ও আবুল কালাম খান ও সাবেক কাউন্সিলর মো. আনোয়ার।

নেছার আহমদ জানান, দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে গ্যাস-বিদ্যুৎ-ওয়াসা কার্যালয় ঘেরাও, অবস্থান ধর্মঘট, প্রতীকী অনশন, সভা-সমাবেশসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামী ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করব।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২

এআরএম, সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত