|

পদোন্নতিতে অনিয়ম দেখতে সংসদীয় উপ-কমিটি গঠন
09 Sep 2012 03:36:16 PM Sunday BdST
পার্লামেন্ট করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বর্তমান সরকারের আমলে জনপ্রশাসনের পদোন্নতিতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। যোগ্যতা থাকার পরেও পদোন্নতি পাননি এমন কোনো কর্মকর্তা রয়েছেন কিনা তাও কমিটি দেখবে।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবিএম গোলাম মোস্তফা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও জাহানারা বেগম বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এবিএম গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উপ-কমিটির অন্য সদস্যরা হলেন মো. বরকত উল্লাহ্ বুলু, এম এ মান্নান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও মো. আবু তালহা।
সূত্র জানায়, বর্তমান সরকারের আমলে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে যারা পদোন্নতি পাননি তার কেন পাননি সে বিষয়টিও খতিয়ে দেখবে কমিটি। এছাড়া যোগ্যতা থাকার পরেও পদোন্নতি পাননি এমন কোনো কর্মকর্তা রয়েছেন কিনা তাও কমিটি পরীক্ষা করবে। স্থায়ী কমিটি ৯০ দিনের মধ্যে উপ-কমিটিকে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য বলেছে।
বৈঠক শেষে উপ-কমিটির আহ্বায়ক এবিএম গোলাম মোস্তফা টেলিফোনে বাংলানিউজকে বলেন, “উপ-কমিটির বৈঠকে কমিটির কার্যপরিধি বিস্তারিতভাবে ঠিক করা হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদোন্নতির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটা কমিটি আগে পরীক্ষা করে দেখবে।’
কী ধরনের অনিয়ম হয়েছে সেটাও কমিটি খতিয়ে দেখবে বলে জানান তিনি।
এদিকে বৈঠকে সংসদে উত্থাপিত ‘মেম্বারস অব দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ চূড়ান্ত করা হয়। গত ৪ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়। পরে এটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বৈঠকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১২ এসএইচ/
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|