|

ডিএসই ও সিএসই
ঈদের পর সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
26 Aug 2012 12:59:36 AM Sunday BdST
শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের পর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
এদিন ডিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১২৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৫২৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস গত ১৪ আগস্ট লেনদেন হয়েছিল ৩৬২ কোটি টাকা।
রোববার লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৩ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮০ পয়েন্টে, পৌনে ১১টায় ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৩ পয়েন্টে, বেলা ১১টা ৫ মিনিটে ৫৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১১ পয়েন্টে, সাড়ে ১১টায় ৭৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩১ পয়েন্টে, সোয়া ১২টায় ৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫০ পয়েন্টে, দুপুর পৌনে ১টায় ১০৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬২ পয়েন্টে, দেড়টায় ১০৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬১ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮৩ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির দাম। লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে- মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বিএসসিসিএল, গ্রামীণফোন, বেক্সিমকো লি., কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফাইন্যান্স এবং জিপিএইচ ইস্পাত।
অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৩৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ২৩টির এবং দাম অপরিবর্তীত রয়েছে ৮টি কোম্পানির শেয়ার।
রোববার সিএসইতে দাম বাড়া শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনিক হোটেল, বেক্সিমকো লি., ইউনাইটেড এয়ার, গ্রামীণ ফোন, লংকা-বাংলা ফিন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, সায়হাম কটন মিল, জিপিএইচ ইস্পাত, মেঘনা পেট্রোলিয়াম এবং ন্যাশনাল ব্যাংক।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৫৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
উল্লেখ্য, ঈদ-উল-ফিতরের আগে গত ১৪ আগস্ট ডিএসই ও সিএসইতে শেষ লেনদেন হয়।
ঈদ উপলক্ষে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা ১১ দিন বন্ধ থাকে উভয় বাজারের সব কার্যক্রম।
বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১২ এসএনএইচ/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|