banglanews24.com Logo

পুলিশের দখলে রাজপথ: পিকেটারবিহীন হরতাল চলছে

17 May 2012   05:58:01 AM   Thursday BdST

মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে এ হরতাল ডাকে ১৮ দলীয় জোট।

এছাড়াও সমমনা রাজনৈতিক দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

সকালে রাজধানীর কোথাও হরতালের সমর্থনে পিকেটার চোখে না পড়লেও রাজপথ মূলত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দখলে। অন্যান্য হরতালের মতোই পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করে রেখেছে। কার্যালয়ের আশপাশ এলাকাতেও রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব।

রাজধানীর সড়কগুলোতে মাঝে মধ্যে দুই-একটি যান চলাচল করতে দেখা যাচ্ছে।

এদিকে হরতালের ভোরে দলীয় কার্যালয়ে আসার ঝামেলা এড়াতে রাতেই সেখানে রাত্রীযাপন করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা।

এদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবু প্রমুখ।

এদিকে হরতালকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে ঢাকা শহরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর নিরাপত্তায় দায়িত্ব রয়েছে র‌্যাব এবং পুলিশের ২৭ হাজার সদস্য। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।

তাছাড়া শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ এবং র‌্যাব দলকে টহল দিতে দেখা গেছে। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোথাও কোথাও পুলিশের আধুনিক সরঞ্জাম জলকামান ও রায়টকার লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত