banglanews24.com Logo

আহমেদ শরীফ শুভর কবিতা: চন্দ্রমুখি

25 Sep 2012   11:08:44 AM   Tuesday BdST

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১। স্মৃতির চন্দ্রযান

যেদিন তোমার চিবুক ছুঁয়ে মূর্ছা গেল চাঁদ
সন্ধ্যাবেলায় সেদিন তুমি আমার পাশে দাঁড়িয়ে ছিলে

শহর জুড়ে গাড়ি ভেঁপু
দূরের কোন মাইক্রোফোনে আজান ছিল
পাশের বাড়ির স্কুল বালিকার শব্দ করে নামতা পড়া
পথের ধারে হাঁকাহাঁকির হকার ছিল
চিনে বাদাম, কাঁচের চুড়ি, মিছিল থেকে ক্রুদ্ধ স্লোগান।
সেদিন আমি বধির ছিলাম
শুনতে পাইনি এসব কিছুই, নামতা পড়া, গাড়ির ভেঁপু...
কেবল তোমার ডাক শুনেছি
আলতো করে কানের কাছে যেই বলেছো ‘ভালোবাসি’
যদিও আমি বধির ছিলাম
আর কিছু নয়, কেবল তোমার অভিসারের ডাক শুনেছি।

যেদিন তোমার ঘ্রাণের কাছে ম্লান হলো সব গোলাপ চাঁপা
সন্ধ্যাবেলায় সেদিন তুমি আমার পাশে দাঁড়িয়ে ছিলে
আকাশ জুড়ে তারার মেলা
জোৎস্নাভেজা শহর ছিল
শপিংমলে আলোর নাচন
গলির ধারে পথের মোড়ে সন্ত্রাসীদের উঁকিঝুকি
দূরের কোন ব্যালকনিতে মিষ্টি মেয়ে দাঁড়িয়ে ছিল কয়েকজনা।

সেদিন আমি অন্ধ ছিলাম
দেখতে পাইনি এসব কিছুই, সন্ত্রাসীদের আনাগোনা
ব্যালকনিতে স্বপ্নবোনা
কেবল তোমার চোখ দেখেছি
আহ্বানের ঠোঁট দেখেছি
যদিও আমি অন্ধ ছিলাম
সব দরোজা বন্ধ ছিল, একটি ছাড়া।

সেদিন তুমি সন্ধ্যাবেলায় সেই দরোজায় দাঁড়িয়ে ছিলে
জোৎস্নাভেজা শহর দূরে
মাইক্রোফোনে আজান ছিল
উহ্য ছিল চাঁদের আলো
অন্ধ বধির আমরা দু’জন মুখোমুখি দাঁড়িয়ে ছিলাম।

সব দরোজা বন্ধ ছিল, একটি ছাড়া
কেবল তোমার চোখ দেখেছি, অভিসারের ডাক শুনেছি।

২। চন্দ্রগ্রহণ

চাঁদ কি ছিল মধ্যরাতের আকাশ জুড়ে?

আমি তখন তুমি ছাড়া অন্য কোন চাঁদের ভেলায় চড়তে নারাজ
তুমি যখন চাঁদ হয়েছো ব্যালকনিতে
ঘর কি ছিল আলোয় ভরা
নাকি ছিল নিকষ কালো
তাতে আমার বয়েই গেছে!
তুমি ছাড়া অন্য আলো আমার কাছে গৌণ ছিল
মৌন ছিলে তুমি তখন
লেকের জলে লুটিয়ে পড়া চাঁদের মতন।

টাকিলা আড় ব্লাডিমেরী পরে থাকে পাশের ঘরে
অন্য কোন নারীর করে
তুমি আমার মদ হয়েছো মধ্যরাতে
অন্য কোন মদের নেশায় আমি কেন মাতাল হবো!
ক্লান্ত দেহে অঘোর ঘুমায় আশেপাশে অন্য যতো পুরুষ নারী
দিচ্ছি পাড়ি
আমি তখন চাঁদের সাগর
তুমিই যখন চাঁদ হয়েছো
আকাশের ওই চাঁদের টানে আমার কেন জোয়ার হবে!

মধ্যরাতে ব্যালকনিতে বাইরে ঘরে
তুমি আমার চাঁদ হয়েছো
মদ হয়েছো
তোমার স্বাদে মাতাল আমি
হাতড়ে মরি চাঁদের শরীর।

বিশ্ব যখন ঘুমিয়ে ছিল
লেকের পাড়ে আমি তখন সোনার খনি খুঁড়তে থাকি
জল থৈথৈ মাতাল হ্রদে
চলছে তখন চন্দ্রগ্রহণ
তুমি যখন মদ হয়েছো
আমি তখন ডুব দিয়েছি তোমার পিপায়
সূর্য হয়ে চাঁদের শরীর অবলীলায় করছি হরণ।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত