banglanews24.com Logo

জাতীয় দলে ফিরলেন আশরাফুল ও জুনায়েদ

31 May 2012   04:41:05 PM   Thursday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিকী।

আশরাফুল ও জুনায়েদ ডাক পেলেও কপাল পুড়েছে ইমরুল কায়েস ও জহিরুল ইসলাম, নাজিমউদ্দিন চৌধুরী, শফিউল ইসলামের। নির্বাচকদের স্কোয়াডে জায়গা হয়নি তাদের।

আগে জাতীয় দলে ডাক পেলেও প্রথম বারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন আনামুল হক বিজয় ও আবুল হাসান রাজু।   

অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারের মিশেলে অলরাউন্ডাররা অগ্রাধিকার পেয়েছেন। প্রধান নির্বাচক আকরাম খানের দৃষ্টিতে পেসবোলারদের সবাই অলরাউন্ডার। যদিও জিয়াউর রহমান, ফরহাদ রেজা এবং আবুল হাসান ছাড়া বাকি দু’জন ব্যাটিংয়ে অতটা ভালো না। মাশরাফি বিন মুর্তজা এবং নাজমুল হোসেনের ব্যাটিং রেকর্ডে উল্লেখ করার মতো কিছু নেই।

শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ ও আশরাফুল স্পিন অলরাউন্ডার। আনামুল হক, জুনায়েদ সিদ্দিকী, তামিম ইকবাল ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন। আব্দুর রাজ্জাক ও ইলিয়াস সানি স্পিনার।

জিম্বাবুয়ে সফরের জন্যও মুশফিকুর রহিমকে অধিনায়ক এবং মাহমুদউল্লাহ রিয়াদকে সহ-অধিনায়ক করা হয়েছে। তাদের নেতৃত্বে বাংলাদেশ দল জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে ১২ জুন। পরের দিন হারারেতে গিয়ে পৌঁছাবে। ১৫ জুন স্বাগতিক একাদশের বিপক্ষে একটি ৫০ ওভারের প্র্যাকটিস ম্যাচ খেলবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।

মূল প্রতিযোগিতায় শুরু হবে ১৭ জুন থেকে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে। ১৯ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২১ জুন ফের জিম্বাবুয়ে এবং ২২ জুন দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের ফাইনাল হবে ২৪ জুন। নতুন কোচ রিচার্ড পাইবাসের দিক নির্দেশনায় ভালো খেলে সিরিজের ফাইনালে উঠতে পারলে পাঁচটি ম্যাচ খেলা হবে জাতীয় দলের।

তিনটি টেস্ট দলের অংশ গ্রহণে টি-টোয়েন্টি প্রতিযোগিতা হলেও আন্তর্জাতিক সিরিজের মর্যাাদা পাবে না। ফলে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা হলেও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে না। জিয়াউর রহমান প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডের সদস্য হলেও অভিষেক হয়নি। জিয়ার মতো রাজু, বিজয়কেও আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।  

স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইলিয়াস, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, জিয়াউর রহমান ও আবুল হাসান রাজু।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ৩১, ২০১২
এসএ
সম্পাদনা: মনোজ হালদার, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত