banglanews24.com Logo

সরকারি নির্দেশ উপেক্ষা

কলকাতায় উপ-হাইকমিশন শুক্রবারও খোলা!

16 Aug 2012   09:23:13 PM   Thursday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সরকারে পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও রমজানের শেষ শুক্রবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে জুমাতুল বিদা উপলক্ষে। কিন্তু এই নির্দেশকে উড়িয়ে দিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন শুক্রবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর এই নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম বির্তক। শুক্রবার কাজ করতে হবে জানতে পেরে হাইমকমিশনের কর্মী ও আধিকারিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। চাকরি হারানোর ভয়ে প্রকাশ্যে মুখ না খুললেও আধিকারিক ও কর্মীরা বাংলানিউজকে ঢাকায় ফোন করে জানিয়েছেন তাদের অসন্তোষের কথা।

অভিযোগের তীর এক্ষেত্রে উপ-হাইকমিশনের কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি আবু নাসের মুহম্মদ আনোয়ারুল ইসলামের দিকে। তার পরামর্শেই ছুটি বাতিল করা হয়েছে বলে অভিযোগে জানা গেছে।

উপ-হাইকমিশনের এক কর্মকতা বলেন, ``কোনো ছুটি বাতিল করে দিয়ে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে গেলে, আগে ছুটির সার্কুলার জারি করতে হয়। তারপর ছুটি বাতিলের কারণ জানিয়ে আবার সার্কুলার দিতে হয়। এক্ষেত্রে তা হয়নি। রাষ্ট্রীয় নির্দেশকে উপেক্ষা করে পুরোপুরি নিজ উদ্যোগে একাজ করেছেন আনোয়ারুল ইসলাম।``

প্রসঙ্গত, উপ-হাইকমিশনের আনোয়ারুল ইসলামের ১৩ আগস্ট স্বাক্ষরিত সার্কুলারে (নম্বর BDHC/HOC-11/2012) জাতীয় শোকদিবস ১৫ আগস্ট ও ১৬ আগস্ট শবে কদর উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে।

ঠিক তারপরেই ১৪ আগস্ট তার সাক্ষরিত অপর সার্কুলারে (নম্বর BD/HOC-11/2012) উপ-হাইকমিশনের আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

১৩ আগস্ট সাক্ষরিত অপর একটি সার্কুলারে (নম্বর BDHC/HOC-11/2012) বলা হয়েছে, ১৯ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ঈদের ছুটি থাকবে। কিন্তু শুক্রবার আল জুমাতুল বিদা’র কোনো ছুটি থাকছে না।

কিন্তু তারই সাক্ষরিত ২৪ এপ্রিল ২০১২ মিশনের বাৎসরিক ছুটির যে তালিকা দেওয়া হয়েছে তাতে ১৪ নম্বর সিরিয়ালে পরিষ্কার উল্লেখ করা আছে শুক্রবার জুমাতুল বিদার ছুটির বিষয়টি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, ``শুধু ছুটির এই ঘটনাই নয়, ওনার ব্যবহারে মিশনের কর্মী থেকে  কর্মকর্তা প্রত্যেকেই ক্ষুব্ধ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। আগের হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের সময় বাংলাদেশে থেকে আগত একজন সম্মনিত অতিথিকে কলকাতায় রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হয়নি তার জেদের কারণে। আর ঠিক এই কারণেই মুস্তাফিজুর রহমানকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়।``

হাই কমিশনের ওই কর্মী আরো বলেন, ``তার (আনোয়ারুল ইসলামের) বিরুদ্ধে উপ-হাইকমিশনের বিভিন্ন টেন্ডার ও অর্থ নয়ছয় করা সংক্রান্ত অভিযোগ আছে, যা অডিট করলেই ধরা পড়বে। বর্তমান ডেপুটি উপহাইকমিশনার নতুন ও নারী।  এ কারণে আনোয়ারুল ইসলাম সহজেই তাকে কব্জা করে ফেলে হাইকমিশনে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। কর্মকর্তারা এটা মানতে না পারলেও তাদের করার কিছুই নেই। কারণ প্রায় সবারই কলকাতার মেয়াদ এখন শেষের পথে।``

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর ‍

ahsan.akraza@gmail.com;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত