banglanews24.com Logo

আইনজীবীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের দু’বিচারক বদলি

19 Sep 2012   01:40:47 AM   Wednesday BdST

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দুর্নীতির অভিযোগ তুলে জেলা আইনজীবী সমিতির আন্দোলনের মুখে চট্টগ্রামের দু’বিচারককে বদলি করা হয়েছে। বুধবার সকালে এ সংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশ চট্টগ্রাম আদালতে এসে পৌঁছেছে।

দু’বিচারক হলেন, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এবিএম নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ পদমর্যাদার) মাহবুবুর রহমান।

এদের মধ্যে সিএমএমকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। আর মাহবুবুর রহমানকে সুনামগঞ্জের যুগ্ম জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক কুমার দাশ বাংলানিউজকে এ বদলির বিষয়টি জানিয়েছেন।

অশোক কুমার দাশ বাংলানিউজকে বলেন, ‘আন্দোলনে আমরা বিজয় পেয়েছি। সিএমএমকে কোন ধরনের পদোন্নতি ছাড়াই বদলি করা হয়েছে। একইভাবে বদলি হয়েছেন অর্থঋণ আদালতের বিচারকও।’

এদিকে সার্বিক বিষয় নিয়ে বুধবার বিকেল ৩টায় জরুরি সভা ডেকেছে জেলা আইনজীবী সমিতি।

গত ২৯ আগস্ট জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় দু’বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত হয়। এরপর ৩০ আগস্ট থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড়ঘণ্টাব্যাপী দু’বিচারকের আদালত বর্জন কর্মসূচী চলে আসছিল।

আইনজীবীদের আন্দোলনের মুখে দু’বিচারক এজলাসে বসে নিয়মিত বিচারিক কার্যক্রমেও অংশ নিতে পারেননি।

গত ১১ জুলাই বিশেষ সাধারণ সভা করে দু’বিচারককে সরে যেতে এক মাসের আলটিমেটাম দেয় জেলা আইনজীবী সমিতি।

বাংলাদেশ সময়: ১০ ০২ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২  
আরডিজি, সম্পাদনা : তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত