banglanews24.com Logo

নিউইয়র্কে নির্বাচন বোর্ডের প্রচারপত্রে বাংলা

29 Oct 2012   04:22:24 AM   Monday BdST

মাহমুদ মেনন ও শিহাবুদ্দীন কিসলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নিউইয়র্কের নির্বাচন বোর্ডের একটি প্রচারপত্রে বাংলাভাষা ব্যবহার করা হয়েছে। একটি বিশাল বাঙালি কমিউনিটির বসবাস এই নগরীতে। তাদের উদ্দেশ্যেই বাংলা ভাষার ব্যবহার। প্রত্যেক ভোটারের কাছে পাঠানো ওই প্রচারপত্রে ভোটকেন্দ্র পরিবর্তনের ও ভোটকেন্দ্র কতক্ষণ খোলা থাকবে তার তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও ভোটপত্রের (ব্যালট পেপারের) জন্য দেওয়া হয়েছে নির্দেশনা।

নিউইয়র্কে এক লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। এদের মধ্যে ২০ হাজারেরও বেশি রেজিস্টার্ড ভোটার রয়েছেন। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো একটি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাভাষাভাষির বাস এই নগরীতে।

তাদের কথা বিবেচনা করেই নির্বাচন বোর্ডের এই নোটিশ। প্রচারপত্রে ব্যবহার করা হয়েছে আরও তিনটি ভাষা। এগুলো হচ্ছে ইংরেজি, স্প্যানিশ ও চীনা।

প্রথম পৃষ্ঠার তথ্য: সাধারণ নির্বাচন মঙ্গলবার, ৬ই নভেম্বর, ২০১২।

দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছে- ‘আপনার ভোটকেন্দ্র পরিবর্তন হতে পারে।’

তৃতীয় পৃষ্ঠায় জানানো হয়েছে ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর চতুর্থ পৃষ্ঠায় নমুনা ভোটপত্রের জন্য www.vote.nyc.ny.us এই ওয়েবসাইটে ভোটকেন্দ্র অনুসন্ধানের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও স্মার্টফোনের মাধ্যমে ফ্রি কিউআর রিডার ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ছবি তুলতে ও বিস্তারিত জানতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রচারপত্রে বাংলাভাষার ব্যবহারের ঘটনায় নিউইয়র্কের বাংলাভাষাভাষিরা খুশি হয়েছেন। তাদের অনেকেই এই সিদ্ধান্তকে বাংলাভাষী তথা বাংলাদেশিদের প্রতি নিউইয়র্ক নির্বাচন বোর্ডের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গীর প্রকাশ বলে মনে করেন।

এ বিষয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলাপত্রিকার সম্পাদক আবু তাহের বাংলানিউজকে বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য মর্যাদার।”

তিনি বলেন, “বছরের পর বছর ধরে এদেশে বাংলাদেশিরা ইংরেজি প্রচারপত্র দেখেই ভোট দিয়েছেন। তাদের জন্য বাংলা যে প্রয়োজন তা নয়। কিন্তু কমিউনিটির ভাষার প্রতি স্বীকৃতি দিয়ে নিউইয়র্ক নির্বাচন বোর্ড আমাদের সম্মানিত করেছে।”

নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার বাসিন্দা শেখ এস ইসলাম বাংলানিউজকে বলেন, প্রচারপত্রটির মাধ্যমে আমি জানতে পারলাম আমার ভোটকেন্দ্র পাল্টে গেছে। তবে তা বাংলাভাষায় জানতে পেরে আরো ভালো লেগেছে। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির একজন হিসেবে আমি এজন্য গৌরব বোধ করছি।

বাংলাদেশ সময় ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১২
এমএমকে; সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত