banglanews24.com Logo

যাকাতের টাকা আত্মসাত মামলা

মোশারেফ-সাঈদীসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট

03 May 2012   06:53:38 PM   Thursday BdST

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিট দাখিলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের দুর্নীতি দমন কমিশন শাখার কর্মকর্তা আব্দুর রশীদ।

মামলার অপর পাঁচ আসামি হলেন, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ (বাচ্চু রাজাকার), ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুতফুল হক, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।
চার্জশিটে ৪৫ জনকে সাক্ষী করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী বাদী হয়ে ২০১০ সালের ২৫ মে শেরেবাংলা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০৫-০৬ অর্থবছরে যাকাত বোর্ডের ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার  টাকা দেশের ৬৪ জেলায় গরিব ও দুস্থদের না দিয়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার অনুকূলে ৫০ লাখ টাকা, কাঠালিয়া মুসলিম একে ইনস্টিটিউটের অনুকূলে ৬ লাখ ৫০ হাজার টাকা, মাওলানা আবুল কালাম আজাদের মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের অনুকূলে ৪৫ লাখ টাকা, দেলাওয়ার হোসাইন সাঈদীর ইসলামী সমাজ কেন্দ্র, পিরোজপুরের অনুকূলে ৫ লাখ টাকা, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুতফুল হকের দারুল কারার সোসাইটি, শরিয়তপুরের অনুকূলে ৮ লাখ টাকা বরাদ্দ দিয়ে এবং ২০০৪-০৫ অর্থবছরের ১৩ লাখ টাকাসহ যাকাত তহবিলের মোট ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেন।

বাংলাদেশ সময় : ১৮৪৭ ঘণ্টা, মে ০৩, ২০১২
এমআই / সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত