banglanews24.com Logo

মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা: মেক্সিকোতে তিন জেনারেল অভিযুক্ত

01 Aug 2012   08:19:36 PM   Wednesday BdST

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাদকচক্র নির্মূল অভিযানের অংশ হিসেবে এবার সেনাবাহিনীর তিন জেনারেল ও এক লেফটেন্যান্ট কর্ণেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট গঠন করেছেন মেক্সিকোর সরকারি কৌঁসুলিরা।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে মেক্সিকোর কুখ্যাত মাদক পাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছিলো তাদের।

অভিযুক্তদের মধ্যে রবার্তো দাউ গনজালেজ মেক্সিকো সেনাবাহিনীতে জেনারেল হিসেবে কর্মরত। অপর দু’জন টমাস এঞ্জেলেস ও রিকার্দা এস্কোশিয়া ভার্গাস সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল। পাশাপাশি সাবেক লেফটেন্যান্ট কর্নেল সিলভিও হার্নান্দেজ সোটোকেও একই অপরাধে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

মেক্সিকোর কুখ্যাত মাদকচক্র বেলট্রা লিয়েভা কার্টেলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিলো বলে অভিযোগ পত্রে দাবি করছেন সরকারি কৌসুঁলিরা।

মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে এক সঙ্গে এত উচ্চপদস্থ কর্মকর্তাদের গ্রেফতারের ঘটনা মেক্সিকোতে এটাই প্রথম।

গত ছয় বছরেরও বেশি সময় ধরে মেক্সিকোর সেনাবাহিনী দেশটির কুখ্যাত মাদক  চোরাকারবারী চক্রগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে মুখ্য ভুমিকা পালন করে আসছে।

দশকের পর দশক সময় ধরে মাদকদ্রব্য পাচার ও উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ‘আন্ডারওয়ার্ল্ড’ চক্র মেক্সিকোর যত্রতত্র খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে।

ফেলিপ ক্যালদেরন মেক্সিকোর প্রেসিডেন্ট  নির্বাচিত হওয়ার পর মাদক চক্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মাদক চক্র নির্মূলের জন্য ২০০৬ সালে প্রথমবারের মত সেনা মোতায়েন করেন তিনি ।

সেনা অভিযান শুরুর পর গত ছয় বছরে মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে এ পর্যন্ত ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময়ঃ ২০০৮ ঘন্টা,আগস্ট ০১, ২০১২
সম্পাদনাঃ মামুন-অর-রশিদ ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত