banglanews24.com Logo

সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকে

29 Jul 2012   04:46:10 PM   Sunday BdST

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত একটি মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বাদী ও দুদকের উপপরিচালক এসএস শাহিদুর রহমান রবিবার বেলা সোয়া ৩টায় দুদকের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, ``আজ (রবিবার) চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। চলতি সপ্তাহের যে কোনো কার্যদিবসে আদালতে চার্জশিট দাখিল করা হবে।``

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ছাড়াও নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লি: এর সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধেও রোববার চার্জশিট অনুমোদন হয়েছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দুদক এ দুই ব্যাক্তির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে। মামলা নং-১৮।

দুদকের মামলার তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে, সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন ফেনী গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের ক্রয়চুক্তি (জিপিএসএ) সম্পাদনের প্রাক্কালে নাইকোকে সুবিধা প্রধানের অসৎ উদ্দেশ্যে নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেড এর তৎকালীন প্রেসিডেন্ট কাশেম শরীফের কাছ থেকে ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার জিপ ঘুষ হিসেবে গ্রহণ করেন।

সে সময় নাইকো গ্যাসের মূল্য প্রতিহাজার ঘনফুট (এমসিএফ) ২.১৫ থেকে ২.৩৫ ডলার পর্যন্ত দাবি করে আসছিল। তখন এ সংক্রান্ত ক্রয় কমিটি একাধিকবার মিটিং করে গ্যাসের মূল্য নির্ধারণ করলেও মন্ত্রীর পদত্যাগের পর গ্যাসের মূল্য নির্ধারণ হয় ১.৭৫ ডলার। কিন্তু ওই সময়ে প্রতিমন্ত্রীর গাড়ি ঘুষ কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ায় মোশাররফ হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। পরে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) ও বাংলাদেশের পেট্রোবাংলা পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করে। দু’টি তদন্ত কমিটি প্রতিমন্ত্রীর ঘুষ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে।

দুদকের তদন্তেও বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলা করে দুদক। এ মামলায় মোশাররফ হোসেন বর্তমানে পলাতক রয়েছেন বলে মামলার বাদী জানান।

এ সংক্রান্ত বিষয়ে দুদকের প্রধান তদন্ত কর্মকর্তা সাহিদুর রহমান বলেন, ``পেট্রোবাংলার বিভাগীয় তদন্ত এবং আরসিএমপির তদন্তে প্রাপ্ত তথ্য দুর্নীতি দমন কমিশনের তদন্তে প্রতিষ্ঠিত হয়েছে।``

উল্লেখ্য, নাইকো রিসোর্সেস লিমিটেড ছাতক গ্যাসক্ষেত্রে (টেংরাটিলা) ২০০৫ সালে পর পর দু’টি বিস্ফোরণ ঘটিয়ে গ্যাস সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। এর বিপরীতে বাংলাদেশ সরকার নাইকোর কাছে ৭৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেও তা পূরণ করেনি বহুজাতিক কোম্পানিটি। যদিও অনেক বিশেষজ্ঞের মতে, প্রকৃত ক্ষতির পরিমাণ অনেক বেশি।

এসব দুর্ঘটনার পর নাইকো চাপে পড়ে। নাইকো তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ঘুষ হিসেবে দেয়। বিশেষজ্ঞদের মতে, এর লক্ষ্য ছিল বহু কোটি টাকার ক্ষতিপূরণ দাবি ঠেকানো, কমানো ও বিলম্বিত করতে নাইকোর পক্ষে কাজ করা। কিন্তু বিষয়টি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ার কারণে প্রতিমন্ত্রী গাড়ি ও মন্ত্রিত্ব দুটোই হারান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এডিএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত