banglanews24.com Logo

সৌভিক দা`র কবিতাগুচ্ছ

একা নয় কখনো মানুষ!

28 Aug 2012   01:39:34 PM   Tuesday BdST

সৌভিক দা`
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কথোপকথন!
 
: নতুন চাকরি! কেমন লাগছে?
- একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের অপদার্থ সন্তানের কাছে
জীবনটা যেমন লাগা উচিৎ, নতুন চাকরিটা তেমনই লাগছে!
 
: জীবনটাকে এমন জটিল করে দেখো কেন তুমি?
 - জীবনটা বাস্তবিক পক্ষে এমনই বর্ষা!
 
যখন ১৩ নম্বর বাসে ঝুলতে ঝুলতে
অফিস ফেরা লোকের ঘাম চিটচিটে শার্ট
               সাপটে থাকে বুকের ওপর,
যখন গন্তব্যে নেমে পাড়ি দিতে হয় আরো দূর গন্তব্যের খোঁজে,
আট আনা দামের সিগারেট ফুঁকে বাতাসে ওড়াতে হয় হতাশার ধোঁয়া
আর মিথ্যের অঙ্কটা বাড়িয়ে বলতে হয় বেতনের দাম
এবং এতদসত্বেও যখন বলতে হয় ভালো আছি, দিব্যি বেঁচে আছি সুন্দর!
তখন জীবনটা এমনই!

জীবনটা এমনই যখন
বর্ষা তুমি বৃষ্টি হয়ে ঝরে যাবে অন্য কোন ফসলের মাঠে
যখন চকচকে কোন যন্ত্র-প্রকৌশলীর কাছে সম্প্রদান কারকে বিভক্ত হবে
                   তোমার সুযোগ-সন্ধানী পিতা!
 
- তখন জীবনটা কেমন হওয়া উচিত বর্ষা?
 
- কী হলো! চুপ করে আছো কেন?
কথা বলো!
 
 
আয়না-গল্প

তোমার কাছে যত সহজে আমি আমার
ক্ষুধার কথা, অসম্ভব যৌনতার কথা অনর্গল বলতে পারি–
তত সহজে আমি কোন নদীর কাছেও বলতে পারি না।
 
তোমার কাছে এলে আমি ফিরে পাই  
উত্তাল তারুণ্য, যতটা নিবিড় হয় আমার সবুজ শৈশব…
ততটা সবুজ আমি কোন বৃক্ষের মাঝেও পাইনা।
 
গেল বার সমুদ্রকে বলিনি–
আমি তার গভীর থেকে, নীল বেলাভুমি থেকে
ভীষণ লুকিয়ে নিয়ে এসেছি একটি নিষিদ্ধ প্রবাল…
 
অথচ তোমার কাছে এলে
আমি কিছুতেই লুকোতে পারিনা আমার দৈন্যতার কথা
হীনতা ও শঠতার কথা, লোভ ও প্রতারণার কথা…
 
তুমি কাছে এলে আমি কিছুই লুকোতে পারি না
এ যেন এক খোলা বই, শিশুদের আদর্শলিপি-
তুমি কাছে এলে বিস্তীর্ণ প্রান্তরে হয় বর্ষার অঝোর বর্ষণ।
 
 
একা নয় কখনো মানুষ!
 
শেষ পর্যন্ত তোমাকে একা হতেই হবে বিষণ্ন শৈশব
শেষ পর্যন্ত একা হতেই হবে হে আমার আহত কৈশোর
যৌবন একা ফেলে তুমি চলে যাবে বহ্মপুত্র নদী...
 
কাঁচাপাকা মেঠোপথ, প্রথম রমণের স্মৃতি সব একা হবে
সেই নির্জলা গ্রাম, সুঘন আমের বাগান, ইউক্যালিপ্টাস...
 
তোমার প্রথম জীবনে জমানো মার্বেল, বিদেশি ডাকটিকিট
         সবকিছু একা হয়-
গোল গোল বিয়ারিং বল একদিন হঠাৎ হারিয়ে যায়...
 
কিংবা তোমার প্রথম লেখা কবিতার খাতা,
ভয়ে ভয়ে গুজে দেয়া প্রেমপত্র, স্কুল-মাঠ,
যে গল্পের বইটি পড়ে অনেক কেঁদেছিলে-
          সেইসব আজ তারা কই?
 
আদতে মানুষ এই স-ব কিছু বুকে নিয়ে ঝিনুকের মতো।
টুকরো টুকরো অনেক কথার বুননে একা নয় কখনো মানুষ।
অথচ চৈতালি বন একা,
একা সমুদ্র-তীর একা,
প্রথম দেখা রেলপথ সেই প্ল্যাটফর্ম একা,
বৃদ্ধ-লোকটি একা,
একা সেই সবুজরঙা ট্রেন:
তোমাকে ঈশ্বরদী নামিয়ে দিয়ে
যে চলে গেছে নেত্রকোনার দিকে...

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১২


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত