|

ঈদের পরের আন্দোলন কোনভাবেই ঠেকানো যাবে না: ফারুক
16 Jul 2012 01:25:18 PM Monday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ঈদের পরে যে কঠোর আন্দোলন শুরু হবে তা কোনভাবেই ঠেকানো যাবে না বলে ক্ষমতাসীনদের হুঁসিয়ার করেছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আসন্ন পবিত্র রজমান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত প্রতীকী গণঅনশনে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ হুঁসিয়ারি উচ্চারণ করেন।
সরকারের কাছে “বিশ্বব্যাংকের চিঠি কেন প্রকাশ করছেন না” প্রশ্ন তুলে ফারুক বলেন, “সৎ সাহস থাকলে বিশ্বব্যাংকের চিঠি জনসম্মুখে প্রকাশ করুন। নইলে ঈদের পরে ইলিয়াস আলীকে ফেরত, তত্ত্বাবধায়ক পুনর্বহাল, দ্রব্যমূল্য কমানো ইত্যাদি জনদাবিতে যে কঠোর আন্দোলন শুরু হবে তা কোনভাবেই ঠেকানো যাবে না।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিশ্বব্যাংকের চিঠি প্রকাশের সাহস নেই। এতেই বোঝা যায় আপনারা আগেই ঘুষ নিয়েছেন।”
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে “দুর্নীতি, স্বজনপ্রীতি, দুর্নীতিতে আপনার স্বজনরা সরাসরি জড়িত” বলেও অভিযোগ করেন বিরোধী দলের চিফ হুইপ।
“পুলিশ-র্যাব ও আপনার রক্তচক্ষুকে আমরা ভয় পাই না” দাবি করে তিনি বলেন, “খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। রাজনীতি না করা সত্ত্বেও আরাফাত রহমান কোকোর নামে মানি লন্ডারিং মামলা দিয়েছেন। তবুও খালেদা জিয়াকে টলাতে পারেননি।”
তিনি বলেন, “বিএনপিকে বাদ দিয়ে এরশাদকে নিয়ে নির্বাচন করতে চান। কিন্তু সে নির্বাচন কোন দিন হবে না। হতে দেওয়া হবে না।”
“এ সংসদ অচল” মন্তব্য করে ফারুক বলেন, “যে সংসদে দাঁড়িয়ে দ্রব্যমূল্য, বিডিআর হত্যাকাণ্ড, সীমান্ত হত্যা, সরকারের অন্যায়-অত্যাচার-জুলুমের বিরদ্ধে কথা বলা যায় না, সে সংসদ অচল।”
“তত্ত্বাবধায়ক প্রথা দয়া করে সংবিধানে সংযোজন করবেন” বলেও সরকারের কাছে দাবি জানান ফারুক।
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি চাইলে ইলিয়াস আলীকে জীবিত ফেরত দিতে পারেন।”
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতীকী গণঅনশনে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সংরক্ষিত আসনের সাংসদ শাম্মী আক্তার, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ হেলন জেরিন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২ এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|