|

ভোটারহীন নির্বাচন করে ক্ষমতায় টেকার চেষ্টা করছে আ’লীগ: আব্বাস
02 Oct 2012 07:26:35 PM Tuesday BdST
এম.আব্দুল্লাহ আল মামুন খান, জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ময়মনসিংহ সার্কিট হাউজ থেকে: দেশে ভোটারহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ সরকারকে দেউলিয়া আখ্যা দিয়ে তিনি বলেছেন, “পুরো দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। আর খালেদা জিয়া ধ্বংসাত্মক কোন কর্মসূচি না দিয়ে শুধু জনমত সংগ্রহ করে সরকারবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।”
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ সার্কিট হাউজে নেত্রকোণায় ১৮ দলীয় জোটের কর্মী সমাবেশে ১৪৪ ধারা জারি, বিএনপি কার্যালয় ও গাড়ি ভাঙচুর এবং দলীয় নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি’র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ মির্জা আব্বাসের পাশে ছিলেন।
এ সময় আরও ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা এনামুল হক আকন্দ লিটন, জেলা যুবদল সভাপতি শামীম আজাদ, জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সুজাউদ্দৌলা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল, উজ্জ্বল প্রমুখ।
সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, “সরকারের পারমিশন নিয়েই নেত্রকোনায় সমাবেশ আয়োজন করা হয়েছিল। কিন্তু সরকার সমাবেশ শুরুর আগের রাতে ১৪৪ ধারা জারি করে। পরে স্থান পরিবর্তন করে আমরা পারলায় সভা করতে চেয়েছিলাম।”
তিনি বলেন, “কিন্তু সেখানে যুবলীগ ও পুলিশ সমাবেশের মঞ্চ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাণ্ডব চালিয়েছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের তারা মারধর করেছে। কুপিয়েছে। গোলাগুলি করেছে।``
পুলিশের কড়া সমালোচনা করে তিনি বলেন, “শ্যামগঞ্জে আমরা সভা করতে গেলে পুলিশ সেখানেও সন্ত্রাসীদের কায়দায় হামলা চালায়। গাড়ি ভাঙচুর করে। দলীয় নেতা-কর্মীদের হত্যার চেষ্টা চালায়।”
মির্জা আব্বাস বলেন, “এর মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র জনগণের সামনে আরো একবার উন্মোচিত হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরকার জনগণকে উত্যক্ত করছে।”
“চোরা না শোনে ধর্মের কাহিনী” উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “আমরা যতই প্রতিবাদ করি সরকার তা শুনবে না। তবুও এ ঘৃণ্য, ন্যক্কারজনক কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানাই।”
বিএনপিকে শান্তিপ্রিয় দল আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, “আমরা ঝগড়া-ফ্যাসাদ পছন্দ করি না। ময়মনসিংহ উত্তর জেলার কাশিগঞ্জে পথসভা করতে চেয়েছিলাম। সেখানেও পুলিশ বাধা দিয়েছে। আমরা কি মগের মুল্লুকে বাস করছি?”
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১২ প্রতিনিধি/ জেডএম; সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|