|

হুমায়ূন আহমেদের চেহলামে মুহিত- ড. ইউনূস
28 Aug 2012 10:46:10 PM Tuesday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। চেহলামে সকল স্তরের মানুষ অংশ নেন। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন। এসময় তারা কুশল বিনিময় করেছেন। বসেছিলেনও অনেকটা পাশাপাশি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে এ চেহলাম অনুষ্ঠিত হয়। বনানীর ডিওএইচএস কমিউনিটি সেন্টারে দিনভর কোরআন খতম করা হয়। প্রথমে একটি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দোয়া এবং সবশেষে হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করেন উপস্থিতরা।
চেহলাম অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সংসদ সদস্য বেবী মওদুদ , সংসদ সদস্য তারানা হালিম, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ও রাশেদা কে চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আওয়ামী লীগের প্রচারবিষয়ক সম্পাদক নুহ-উল-আলম লেনিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, জাদুশিল্পী জুয়েল আইচসহ , অভিনেত্রী শমী কায়সার, আবদুল কাদের এবং হুমায়ূন আহমেদের বই প্রকাশের সঙ্গে যুক্ত প্রকাশক, সংস্কৃতি জগতের বিভিন্ন স্তরের মানুষ।
হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের মধ্যে রত্নগর্ভা মা আয়েশা ফয়েজ, ভাই মুহম্মদ জাফর ইকবাল, তাঁর স্ত্রী ইয়াসমীন হক, ছোট ভাই আহসান হাবীব, তিন মেয়ে নোভা, শীলা, বিপাশা ও তাঁদের মা গুলতেকিন খান, বোন সুফিয়া হায়দার ও ছেলে নুহাশ । অনুষ্ঠানের শেষ দিকে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই পুত্র নিষাদ ও নিনিত, শাওনের বাবা মোহাম্মদ আলী, মা তহুরা আলী,নিয়ে উপস্থিত হন। কিন্তু তিনি কোনও বক্তব্য রাখেন নি। এমনকি মিডিয়ার সাথেও কোনও কথা বলেন নি।
অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, হুমায়ূন আহমেদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন। তার সাহিত্য সকল বয়সের সকলকে নাড়া দিয়েছে। বইয়ের সাথে আত্মার সম্পর্ক তৈরি করেছে।
তিনি আরো বলেন, হুমায়ূন আহমেদ ছিলেন একলা চলার বড় উদাহরণ। তিনি আমাদের জাতীয় পরিচয়কে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে হুমায়ূন আহমেদের প্রতি গভীর কৃতজ্ঞতা। হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেন। তিনি বলেন, আমি ছিলাম হুমায়ূন আহমেদের অন্ধভক্ত। নিয়মিত তার নাটক দেখতাম।
স্মৃতিচারণে তিনি বলেন, ‘এইসব দিনরাত্রি’ নাটকটি প্রচারের সময় ঢাকা ফাঁকা হয়ে যেতো। আমি সেই নাটকের একজন নিয়মিত দর্শক ছিলাম।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তিনি শুধু সাহিত্য রচনাই করেন নি দেশের মানুষের হৃদয় জয় করে নেন।
স্মৃতিচারণায় অর্থমন্ত্রী আরও বলেন, হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় তার বইয়ের মাধ্যমে। মেলা থেকে বই কিনে বাড়ি ফিরতে ফিরতেই বই পড়া শেষ করতাম। আর তার নাটক দেখেই আসাদুজ্জামান নূরকে বাকের ভাই বলে ডাকতাম। পরে শাবিপ্রবি’র নামকরণ নিয়ে নন্দিত এই লেখকের সঙ্গে যোগাযোগ হয়।
এভাবে একে একে সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ার হোসেনও স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণায় ডিওএইচএস-এর কমিউনিটি সেন্টারের হলে প্রয়াত এই লেখকের স্বজন, বন্ধু ও সহকর্মীদের অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন।
অনুষ্ঠানে নুহাশ ইংরেজিতে তার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পত্র পাঠ করেন। সে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চান।। নুহাশ বলেন, `আমি বাবার মতো। বাবার সঙ্গে আমার অনেক মিল। আজ বুঝি আমি একজন কিংবদন্তির সন্তান। কিংবদন্তির সন্তান হওয়া সত্যিই অনন্য অনুভবের।`
উল্লেখ্য, ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নেন বাংলাসাহিত্যের নন্দিত এই জাদুকর।
আগামী ৮ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় এই নন্দিত কথা সাহিত্যিকের স্মরণে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি শোকসভার আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২ এমএন/এসএনএইচ/এমআইআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|