|

রেলমন্ত্রীকে গ্রেফতারের দাবি কর্নেল অলির
11 Apr 2012 03:01:47 PM Wednesday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস’র গাড়ির ড্রাইভার বলেছেন, গাড়িতে পাওয়া ৭০ লাখ টাকা ঘুষের টাকা। এপিএস বলেছেন, মন্ত্রীর বাসায় যাচ্ছি। এতে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, ওই টাকার সঙ্গে মন্ত্রীর সম্পর্ক রয়েছে।
কর্ণেল অলি আরো বলেন, ওই টাকা দেওয়ার জন্য মন্ত্রীর বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল। অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে রেলমন্ত্রীকে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এই সরকারের আমলে দেশে আইনের শাসন নেই বলেই মন্ত্রী তো দূরের কথা, তার এপিএসকেও টাকাসহ গ্রেফতার করা হয়নি।
বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘চলমান রাজনীতি, নিরপেক্ষ নির্বাচন, সরকারের ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত বলে অভিযোগ করে অলি আহমেদ প্রশ্ন করেন, ‘হত্যাকারীদের বিদেশে পাঠিয়ে দিয়েছে কারা? সরকারের যদি হাত না থাকতো তাহলে কেন এ হত্যা মামলা ধামাচাপা দেওয়া হচ্ছে? এতোদিনেও কেন একজন হত্যাকারীও ধরা পড়লো না?’
তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের একটাই উদ্দেশ্য ছিল। আর তা হচ্ছে, সরকারের দুর্নীতি ধামাচাপা দেওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক সাগর সরোয়ার জার্মানি থেকে এসে সরকারের কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের নামে ভর্তুকির ২০ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য-প্রমাণ উদঘাটন করেছিলেন। এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে তিনি মাছরাঙা টেলিভিশনে প্রচার করতে চেয়েছিলেন। মাছরাঙা কর্তৃপক্ষ ভয়ে তা প্রচার না করায় সাগর সেটি এটিএন বাংলায় প্রচারের উদ্দেশ্যে তার স্ত্রী মেহেরুন রুনিকে দিয়েছিলেন। কিন্তু তা প্রচারের আগেই তড়িঘড়ি করে পরিকল্পিত ভাবে এই সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়। এর পরের দিন হত্যাকারীদের বিমানে করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়।
কর্নেল অলি বলেন, এখন খুনিদের পালিয়ে যেতে দেওয়া ও হত্যা মামলা ধামাচাপা দেওয়া গেলেও একদিন এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ধার হবেই। কারণ, অপরাধ ও সত্য কখনো চাপা থাকে না। যেমন, রেলমন্ত্রীর এপিএস ও রেলওয়ের জিএম দুর্নীতি করে সেই টাকা নিয়ে গভীর রাতে ধরা পড়েছেন। আর সে তথ্য যেভাবেই হোক এ দেশের মানুষ জানতে পেরেছেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা না থাকলে দেশে বিনিয়োগ হবে না। আইনশৃঙ্খলার চরম অবনতি এবং গ্যাস, বিদ্যুৎ না পেয়ে শিল্প মালিকরা তাদের শিল্প গুটিয়ে বিদেশে চলে যাচ্ছেন। অন্যদিকে সরকারের উপদেষ্টা বলছেন, ১৬ টাকা ইউনিটে তারা বিদ্যুৎ দিতে পারবেন। তার মানে, তাদের কাছে বিদ্যুৎ আছে। এখান থেকেও লুটপাট করে শিল্প-বাণিজ্য ধ্বংসের চেষ্টা চালাচ্ছেন তারা।
বিদেশ থেকে গুড়োদুধ আমদানির নামে ৫০ হাজার কোটি টাকা পাচারেরও অভিযোগ তুলে অলি আহমেদ আরো বলেন, দেশের টাকা পাচারকারীরা যুদ্ধাপরাধীদের চেয়েও ভয়ঙ্কর অপরাধী। ডেসটিনির বিরুদ্ধে জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করে তিনি দেশের টাকা পাচারকারী ও জনগণের টাকা আত্মসাতকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির সভাপতি শওকত হোসেন নিলু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী প্রমুখ।
নিজেকে প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দাবি করে সরকারের উদ্দেশ্যে অলি বলেন, ‘আপনারা নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে প্রচার করছেন। আসুন, দেখুন, থালিকা করুন। আপনাদের দলের চেয়ে বিএনপিতে বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন।’
তিনি দেশ, জনগণ ও গণতন্ত্র বাঁচাতে খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘন্টা, এপ্রিল ১১, ২০১২
এমএম/এমআইএইচ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|