|

রামুর সহিংসতা তদন্তের নামে পিকনিক করেছেন মওদুদ: ড. হাসান
13 Oct 2012 04:59:09 PM Saturday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: রামুতে ধর্মীয় প্রতিষ্ঠানে এবং বসতিতে হামলার ঘটনায় তদন্তের নামে বিএনপি নেতা মওদুদ আহমেদ কক্সবাজারে গিয়ে পিকনিক করেছেন বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ।
তিনি বলেছেন, `তারা কক্সবাজারে গিয়ে ভাল হোটেলে থেকে, সমুদ্র সৈকতে মনের আনন্দে ঘুরে ঢাকায় ফিরে ৭২ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছেন খালেদা জিয়ার কাছে। যার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারই এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর অতীতে অত্যাচার চালানো হয়েছে।` শনিবার দুপুরে নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক ছাত্রলীগ নেতার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাশেদ মিয়া চৌধুরীর স্মরণে এ স্মরণ সভার আয়োজন করে ছাত্রলীগ।
সভায় বন ও পরিবেশ মন্ত্রী বলেন, `খালেদা জিয়া যাদের দিয়ে তদন্ত কমিটি বানিয়েছেন তাদের নেতৃত্বেই ২০০১ সালে হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টানদের উপর নির্যাতন করা হয়েছে। ওই সময় মন্দির, গির্জা এবং বৌদ্ধ প্যাগোডায় আগুন দেয়া হয়েছে। শুধু তাই নয় নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে ধর্ষণের মতো কাজও করা হয়েছে।`
আর এসব ঘটনায় ইন্ধনদাতারা কক্সবাজারে গিয়ে পিকনিক করে বেগম খালেদা জিয়ার সামনে প্রতিবেদন দিয়েছেন বলে বক্তব্যে অভিযোগ করেন মন্ত্রী। ড. হাসান মাহমুদ বলেন, `বৌদ্ধ মন্দিরে হামলা এবং অতীতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, সংখ্যালঘু নির্যাতন তারা সবাই এক সূত্রে গাঁথা।`
তিনি বলেন, `বর্তমান সরকার দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল, সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদূঢ় করা এবং ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছে। আর সরকারের এই প্রচেষ্টার কারণে দেশ আজ সব ক্ষেত্রেই এগিয়ে গেছে।`
বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় ৩০০ ডলার থেকে ৬০০ ডলার করতে এই রাষ্ট্রের ১৫ বছর সময় লেগেছিল। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর পৌনে চার বছরে বেড়ে তা ৮৫০ ডলারে এ দাঁড়িয়েছে।`
বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, `বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ অর্জন সম্ভব হয়েছে। দেশের এক্সপোর্ট ২৪ মিলিয়ন ডলারে দাড় করা কয়েছে। প্রবাসীদের অর্জিত বৈদেশিক মুদ্রার হারও বেড়েছে।`
শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের সমালোচনা করে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, কিন্তু সরকারের এই সাফল্য বেগম খালেদা জিয়ার চোখে পড়ে না। তার সঙ্গে সুর মিলিয়ে তার সভাসদ ও রাতে টকশোতেও নিজেদের বুদ্ধিজীবী হিসোবে পরিচয় দেয়া ব্যাক্তিরা আমরা যারা কাজ করি তাদের ভুল ধরেন।`
দুর্নীতির কারণে মওদুদ জেলে ছিলেন উল্লেখ করে ড. হাসান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার আমলে মওদুদ আহমেদদের নেতৃত্বে বাংলাদেশ ৫ বার দুর্নীতে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। এখন তারাই দুর্নীতি নিয়ে কথা বলে। তাদের লজ্জ্বা থাকলে দুর্নীতি ছেড়ে দিত।’
বন মন্ত্রী দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের জন্য ছাত্রলীগ সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরানের সভাপতিত্বে আওয়ামীলীগের চট্টগ্রাম জেলার ধর্ম বিষয়ক সম্পাদক বদিউল আলম তালুকদার এবং উত্তর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস গণি চৌধুরী বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬ ৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২ এমবিএম/টিসি
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|