|

মধুপুরে বিমান বিধ্বস্ত, প্রশিক্ষণার্থী পাইলট নিহত
08 Apr 2012 03:26:04 PM Sunday BdST
আহমেদ রাসেল, জেলা প্রতিনিধি ও এসএম শহীদুল্লাহ, মধুপুর প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টাঙ্গাইল/ মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থী ফ্লাইং অফিসার শরীফুল হক (৩০) নিহত এবং প্রশিক্ষক স্কোয়াড্রন লিডার মামুনুর রশীদ (৩৬) আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের মহিষমারা গ্রামের লোম্বাপোড়া সেতুর আধ কিলোমিটার দক্ষিণে বিমানবাহিনীর এল-৩৯ লাইট অ্যাটাক এয়ারক্র্যাফটটি দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় শালিখা গ্রামের যুবক আনিস বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসা বিমানটি খুব নিচ দিয়ে হেলেদুলে যাচ্ছিল। হঠাৎ বিমানটি একটি ‘বাইদে’র (ছোট খাল) পাড়ে আছড়ে পড়ে।
তিনি জানান, বিমানটি মাটিতে পড়ার আগে স্কোয়াড্রন লিডার (প্রশিক্ষক) মামুনুর রশীদ প্যারাসুটের মধ্যমে নামতে গিয়ে পড়ে যান। অন্যদিকে বিমানটি আছড়ে পড়ে আবারো উড়তে গিয়ে ব্যর্থ হয়ে ৫০ মিটার ছেঁচড়ে বাইদের পাড়ে আটকে যায়। এতে বিমানের সামনের অংশ বিধ্বস্ত হয়।
এ সময় আশপাশর লোকজন দৌড়ে এসে উদ্ধারকাজ চালাতে গেলে স্কোয়াড্রন লিডার (প্রশিক্ষক) মামুন তার (আনিস) হাতে ওয়ারলেস দিয়ে ফ্লাইং অফিসার (পাইলট) শরীফকে বাঁচানোর অনুরোধ করেন।
উদ্ধারকাজে আসা সেনাবাহিনীর সার্জেন্ট (অব.) হাসান জানান, বিমানের সিট বেল্ট কেটে পাইলটকে উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেলযোগে ঘাটাইল সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
পরে বেলা আড়াইটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফ্লাইং অফিসার (পাইলট) শরীফুল হক মারা যান বলে নিশ্চিত করেন সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার এখলাস।
ঘটনাস্থলে থাকা বিমান বাহিনীর কর্মকর্তা আজাদ বাংলানিউজকে জানান, বিমানবাহিনীর চট্টগ্রামের ২৫ নম্বর বহর ৮ মার্চ ঢাকার কুর্মিটোলায় প্রশিক্ষণ নিতে শুরু করে। এ কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকা থেকে মধুপুর উপজেলার রসুলপুরে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
তিনি জানান, স্কোয়াড্রন লিডার (প্রশিক্ষক) মামুন (বিডি-৯৪৯৬) পাশে বসা ছিলেন এবং ফ্লাইং অফিসার (পাইলট) শরীফুল হক (বিডি-৮৪৯৩) বিমানটি চালাচ্ছিলেন।
তিনি আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এর আগে দুর্ঘটনার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অপারেশন্স) গ্রুপ ক্যাপ্টেন সাইয়েদুল হাসান বাংলানিউজকে বিমান দুর্ঘটনা ও পাইলট আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
ওই সময় নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইং ক্লাবের একজন কর্মকর্তা জানান, বিমানটি উড্ডয়নের ৭-৮ মিনিটের মধ্যে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করেন তিনি।
দুপুর দেড়টার দিকে একই তথ্য দেন ঘটনাস্থলে থাকা মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দেওয়ান।
ওই সময় ওসি জানান, দুর্ঘটনায় বিমানের প্রশিক্ষণার্থী পাইলট শরীফু হক গুরুতর আহত হন। তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঘাটাইল সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই মধুপুর ফায়াস সার্ভিস ইউনিট বিধ্বস্ত বিমান উদ্ধারকাজে অংশ নেয়। এরপর ঘাটাইল সেনাবাহিনীর টিম হেলিকপ্টার নিয়ে ও মধুপুর পুলিশের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে। দুপুর ২টার দিকে ঢাকা থেকেও ডিএইচ-২৯৮ একটি বিমানে করে উদ্ধারকারী একটি দল ঘাটাইল পৌঁছায়।
বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২ প্রতিবেদন: আহমেদ রাসেল, এসএম শহীদ সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর/মাহমুদ মেনন, হেড অব নিউজ
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|