banglanews24.com Logo

মার্কিন মেরিনরা ঢাকায় আসবে, সংস্কার হবে জয়নউদ্দিন স্কুল

10 Aug 2012   11:34:53 PM   Friday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মার্কিন মেরিন কোরের ৪০-৪৫ জনের একটি দল সেপ্টেম্বরে ঢাকায় আসছে। ১ সেপ্টেম্বর থেকে  ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে যৌথ অনুশীলন চালাবে দলটি।

সফরকালে অনুশীলনের অংশ হিসেবে একটি স্কুলের সংস্কার কাজ সমাধা করবে দুই দেশের সেনা সদস্যরা।

মার্কিন মেরিন সেনাদের এই ঢাকা সফর নিয়ে দু’দেশের মধ্যে গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ই-মেইলে অনেক চিঠি আদান-প্রদান হয়। সূত্রের বরাত দিয়ে রিপোর্টটি প্রকাশ করেছে ডেইলিএডুকেশনডটনেট

এমনই একটি চিঠিতে উল্লেখ রয়েছে, “যুক্তরাষ্ট্র সরকার আগামী ১ সেপ্টেম্বর, ২০১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর U.S. Marine Corps Pacific Command (MARFORPAC) এবং বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণে  Engineering Capabilities Exercise (ENCAP)-2012 নামে যৌথ অনুশীলন চালাবে। এসময় তাদের যৌথ কার্যক্রমের মাধ্যমে একটি স্কুল সংস্কার করা হবে।

এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সেনাসদর, বাংলাদেশ সেনাবাহিনী এরই মধ্যে ঢাকার অদূরে সাভারের পলাশবাড়ী হাজী জয়নউদ্দিন উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনটিকে সংস্কার/মজবুত করণের (Retrofitting) সম্মতি দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, “ওই অনুশীলনে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর ৪০-৪৫ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীরও সমসংখ্যক সদস্য অংশ নেবে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই অনুশীলনে যুক্তরাষ্ট্র ওই মেরিন সেনাদের যাতায়াত খরচ, থাকা, খাওয়া ও অনুশীলন সংক্রান্ত অন্যান্য যাবতীয় ব্যয়ভার বহন করবে। যুক্তরাষ্ট্রের অনুশীলনকারী দল অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিজ দেশ থেকেই বাংলাদেশে বহন করবে এবং অনুশীলন শেষে ফেরত নিয়ে যাবে। অনুশীলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সদস্যদের বাসস্থান, যাতায়াত এবং বাসস্থান থেকে  অনুশীলন এলাকায় যাতায়াত পথ এবং অনুশীলন এলাকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী।”

ওই চিঠিতে স্থানীয় প্রশাসনকে সাভার এলাকাস্থ পলাশবাড়ী জয়নউদ্দিন উচ্চ বিদ্যালয়ে নির্মাণকাজ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সার্বিক সহায়তা দিতে অনুশীলন চলাকালে এর অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ প্রশাসনকে (গোয়েন্দাসহ) নির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী দলটি হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে ঢাকায় ঢুকবে ও চলে যাবে।

শুধুমাত্র অনুশীলনের কাজে বহনকৃত যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সরঞ্জামাদির কর মওকুফ করার জন্য রাজস্ব বোর্ডকেও অনুরোধ জানানো হয়েছে ওই চিঠির মাধ্যমে।

বাংলাদেশ সময় ২৩২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এমএমকে
সম্পাদনা:জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 
jewel_mazhar@yahoo.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত