banglanews24.com Logo

খুলে দেওয়া হলো চবির শাহ আমানত হল

04 Apr 2012   11:45:26 AM   Wednesday BdST

স্টাফ করেসপেন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘সিলগালা’ করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল বৈধ আবাসিক শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছে প্রশাসন।

বুধবার সকাল ১০টায় হলের মূল ফটক খুলে দেওয়া হয়। এ সময় বৈধ কার্ডধারী শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন।

চবির প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হল খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে হল উঠতে শুরু করেছেন।’

তিনি আরো বলেন, ‘শিবিরের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। আশা করছি, তারা তাদের ছাত্র ধর্মঘট তুলে নেবে।’ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সকলের সহযোগিতাও কামনা করেন প্রক্টর ।

শিবিরের চবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশিকুল্লাহ মঙ্গলবার রাতে বাংলানিউজকে জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা ৫ দফা দাবি জানিয়েছি। তারা আমাদের দাবি-দাওয়া পূরণ করলেই ছাত্র ধর্মঘট তুলে নেওয়া হবে।’

উল্লেখ্য, ছাত্রলীগ-শিবির সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় ৩৮ দিন বন্ধ থাকার গত ১৮ মার্চ খুলে দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হত্যাকারীদের গ্রেফতারসহ চার দফা দাবিতে ওইদিন থেকেই ছাত্রশিবির ছাত্র ধর্মঘট পালন করে আসছে।

ক্যাম্পাস খোলার দু’দিন আগে গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও শাহ আমানত হলে ছাত্রলীগ ও শিবির কর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় হলটি বন্ধ করে দেয় কর্তপক্ষ।

ছাত্র ধর্মঘটের সমর্থনে সোমবার শিবির নগরীর ঝাউতলা রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে রেখে চালককে মারধর করে তুলে নিয়ে যায়। পরে ছয় ঘণ্টা আটকে রেখে ছেড়ে দেয় তারা। ওই ঘটনায় সোমবার বিকেলে মঙ্গলবার  ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেন চালকরা।

অন্যদিকে শিবির কর্মীরা ওই দিন ক্যাম্পাসের পরিবহন দফতরে রাখা সাতটি বাসের চাকা ধারালো অস্ত্র দিয়ে টায়ার কেটে পাংচার করে অচল করে দেয় বাসগুলো।

পরে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও শিবিরের সঙ্গে আলোচনা করে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
এমবিএম

সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত