|

লাটভিয়া ও বাংলাদেশ অনারারি কনসাল জেনারেল নিয়োগ করবে
21 May 2012 09:48:29 PM Monday BdST
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বাল্টিক অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ লাটভিয়া ও বাংলাদেশ একে অপরের দেশে অনারারি কনসাল জেনারেল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া বাংলাদেশ দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরেও রাজি হয়েছে সাবেক সোভিয়েত এ দেশটি।
সোমবার দুপুরে লাটভিয়ার রাজধানী রিগায় লাটভিয়ার সেক্রেটারি অব স্টেট অ্যান্দ্রিস তেকমানিমানিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
লাটভিয়ার রিগা থেকে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম কবীর বাংলানিউজকে এ তথ্য জানান। দীপু মনিই বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশটি সফর করলেন। লাটভিয়া ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয়ে স্বাধীন স্বত্ত্বা লাভ করে।
সোমবারের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
লাটভিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শিক্ষা, বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।
লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও লাটভিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়।
দীপু মনি বাংলাদেশ প্রতিনিধি দলের এবং লাটভিয়ার সেক্রেটারি অব স্টেট অ্যান্দ্রিস টেকমানিমানিস তার দেশের নেতৃত্ব দেন।
রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম সাইফুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহ, মস্কো দূতাবাসের কাউন্সেলর তারেক আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক আন্দালিব ইলিয়াস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।
লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ইরিটা কিসে ও ইগর্স টিপানস প্রমুখ এ সময় বৈঠকে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেন, ‘লাটভিয়া বাল্টিক অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। এতোদিন এ দেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক যোগাযোগ ছিল না।’
তার সফরের মধ্যদিয়ে সে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ জানিয়ে দীপু মনি বলেন, ‘লাটভিয়া ও বাংলাদেশ এখন থেকে নিয়মিত যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে সফর বিনিময় এবং পারস্পরিক বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এক্ষেত্রে শিক্ষা ও কৃষিখাতে দু’দেশের মধ্যে ব্যাপক আদান প্রদানের সুযোগ রয়েছে। দু’দেশই এই সুযোগ কাজে লাগাতে চায় বলেও জানান দীপু মনি।
তিনি বলেন, ‘লাটভিয়ায় অত্যন্ত স্বল্পব্যয়ে ইউরোপীয় মানের চিকিৎসা, প্রকৌশল-প্রযুক্তি এবং ব্যবসা প্রশাসনে উচ্চ শিক্ষার বিশাল সুযোগ আছে। এখানে বাংলাদেশের ছাত্ররা শিক্ষাগ্রহণ করে ইউরোপের বিভিন্ন দেশে কাজ করার ভালো অবস্থান অর্জন করতে পারবে। লাটভিয়ার কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লাটভিয়া সরকার বাংলাদেশের গার্মেন্টস, ওষুধ ও হিমায়িত খাদ্য বাংলাদেশ থেকে আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে।’
দু’দেশের মধ্যে বৈঠক করে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।
তিনি লাটভিয়ার পররাষ্ট্র এবং কৃষিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তারা আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশে যাবেন বলে জানান।
সোমবার লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ছাড়াও দেশটির কৃষিমন্ত্রী লাইমডোতা স্ট্রাউজুমার সঙ্গে বৈঠক এবং লাটভিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি লাটভিয়ায় দু’দিনের রাষ্ট্রীয় সফরে রোববার বিকেলে রিগায় পৌঁছেন।
রোববার বিকেলে লাটভিয়া পৌঁছেই তিনি লাটভিয়ার জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি মি. ওজারস এরিকস্ কালনিনস-এর সঙ্গে বৈঠক করেন। লাটভিয়া সফর শেষে সোমবার রাতেই তিনি মস্কোর পথে রওনা হন। মঙ্গলবার তিনি সরকারি সফরে বেলারুশ যাবেন। ২৫ মে তার ঢাকা ফেরার সূচি নির্ধারিত রয়েছে।
বাংলাদেশ সময় : ২১৪০ ঘণ্টা, মে ২১, ২০১২ একেআর/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|