banglanews24.com Logo

নিমতলী ট্র্যাজেডির দুই বছর

03 Jun 2012   09:09:19 AM   Sunday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৩রা জুন রোববার নিমতলী ট্রাজেডির দ্বিতীয় বর্ষপূর্তি। ২০১০ সালের এ দিন রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪৫ মিনিটের মধ্যে পুরান ঢাকার নিমতলীর নবাব কাটরা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই প্রাণ হারায় শতাধিক নারী-পুরুষ ও শিশু । আহত হয় কয়েকশ` মানুষ। সবমিলে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১৩০ জনে।

দিবসটি পালন উপলক্ষে আজ বাদ এশা নিমতলী যুব সংগঠনের উদ্যোগে নবাব কাটরা জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নিহতদের স্মরণে নবাব কাটরা এলাকায় নির্মিত `স্মৃতি স্তম্ভ` নিমতলী ট্রাজেডির কাছে বাদ জোহর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন অংশ নেবেন।

নিমতলী ট্রাজেডির ২ বছর শেষ হলেও এখনও সেদিনের আতংক অনেককে তাড়া করে ফিরে।বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ কিংবা জোরে শব্দ হলেই তাদের মনে ভেসে ওঠে সেই ভয়াবহ আগুন-আতঙ্ক।

নিমতলীবাসী জীবনের তাগিদে কর্মব্যস্ত হয়ে উঠলেও এখনও তারা বয়ে বেড়াচ্ছেন সেই দুঃস্বপ্ন।ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য নিরাপদ জীবনের নিশ্চয়তা চায় এখানকার দুঃস্বপ্ন-তাড়িত মানুষগুলো।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, দুর্ঘটনার দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানো পরিবারগুলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর ঠিকঠাক করে বসবাস শুরু করেছেন। তবে নিহদদের স্বজনেরা এখনো যেসব রাসায়নিক গোডাউন রয়েছে তা সরিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

স্থানীয় ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনের ছেলে দুলাল সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মা, ছোট তিন ভাই, মামা ও নানীসহ পরিবারের ৫ জনকে হারিয়েছেন।

তিনি বলছিলেন `অগ্নিকাণ্ডের পর সরকার পরিবার প্রতি ১ লাখ টাকা এবং লাশ দাফনের জন্য মরদেহ প্রতি ২০ হাজার টাকা করে প্রদান করেন। এ ছাড়াও অর্থ, খাদ্যদ্রব্য, কাপড়-চোপড়সহ তাৎক্ষণিক পুনর্বাসনে সকল প্রকার সাহায্য দেওয়া হয়। উদ্যোগ নেওয়া হয় গোডাউন সরিয়ে নেওয়ার। কিন্তু এখনও কিছু গোডাউন রয়ে গেছে।

ওই ঘটনায় শত বেদনার মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতৃস্নেহে এলাকার তিন কন্যার বিবাহদানের ঘটনাটি ছিল অনেক আনন্দের।

তবে `৪৩/এ নম্বর যে ভবনের কেমিক্যাল গুদামের বিস্ফোরণে এতো প্রাণহানি সেই গুদামের মালিককে আজো চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি।`  বলেও ক্ষোভ রয়েছে এলাকাবাসীর।

দমকল বাহিনী সূত্র মতে, একটি রাসায়নিক গোডাউন থেকে আগুন ছড়ায় বলে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় এবং প্রাণহানি বেশী ঘটে।


বাংলাদেশ সময়: ০৮৫০ঘণ্টা, জুন ০৩, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত