banglanews24.com Logo

উত্তরের ভোগান্তি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

01 Aug 2012   08:21:07 PM   Wednesday BdST

ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অপ্রশস্ত সড়ক, সড়কের পাশে অসংখ্য হাট-বাজার, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, গতিরোধক, ঝোপঝাড়-ময়লা-আবর্জনার পাশাপাশি অদক্ষ চালক ও দ্রুতগতির যান বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনা। এরপর ঘণ্টার পর ঘণ্টা চলাচল বন্ধ। গন্তব্যে যেতে দ্বিগুণ-তিনগুণ সময় ব্যয়, চলাচলকারীদের চরম দুর্ভোগ- এরই নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।

স্থলপথে রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত এ মহাসড়কে এসব সমস্যার মধ্যে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। আর চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই পথের লাখ লাখ যাত্রীকে। পাশাপশি পণ্য পরিবহনেও সৃষ্টি হচ্ছে বিঘ্নতা।

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিদিন কয়েক হাজার বাস-ট্রাক-কাভার্ডভ্যান-মাইক্রোবাস চলাচল করে।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সেক্রেটারি জেনারেল খন্দকার এনায়েত উল্ল্যাহ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী যাত্রীবাহী বাসের সংখ্যাই প্রায় পাঁচশ’।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং টাঙ্গাইলের বিভিন্ন স্থানে রাস্তার দুই ধারে অসংখ্য হাট-বাজার, স্কুল-কলেজ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কারণে পথচারীদের অবাধ চলাচল দুর্ঘটনা বাড়িয়ে দেয়। এছাড়া প্রায়শই বিভিন্ন কারখানার শ্রমিকদের অবরোধ ও দুর্ঘটনার পরে অবরোধ, ফিটনেসহীন গাড়ি অকেজো হয়ে যান চলাচলে প্রতবন্ধকতা সৃষ্টি করে। কোনো কোনো সময় ঢাকার প্রবেশ মুখ থেকে যমুনা সেতু পর্যন্ত সৃষ্টি হয় যানজট।

এসব সমস্যার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কিংবা উত্তরবঙ্গ থেকে ঢাকা পৌঁছুতে দ্বিগুণ থেকে তিনগুণ সময় লাগছে এ পথে। রংপুর থেকে ঢাকার পথ ছয় ঘণ্টা হলেও মঙ্গলবার বাসে করে এই প্রতিবেদকের ঢাকায় পৌঁছুতে সময় লেগেছে দশ ঘণ্টা। সন্ধ্যায় টাঙ্গাইল মির্জাপুরে একটি বাজারের কাছে একটি বাস পথচারীকে ধাক্কা দিলে প্রতিবাদে স্থানীয়রা পৌনে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। এতে যান চলাচল থমকে থাকে এক ঘণ্টা। ফলে সৃষ্ট যানজটে নাভিশ্বাস ওঠে যাত্রীদের।

বাংলানিউজের গাজীপুর প্রতিনিধি একেএম রিপন আনসারী জানান, জেলায় সড়ক দুর্ঘটনায় গত মাসে ৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। এরমধ্যে কালিয়াকৈর, চন্দ্রা, কড্ডা, পল্লী বিদ্যুৎ এলাকায়, নর্থ বেঙ্গল সিএনজি পাম্পের সামনে এবং টঙ্গীর হোসেন মার্কেটের সামনে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

জয়দেবপুর চৌরাস্তা থেকে মির্জাপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে ময়লা-আবর্জনার স্তুপ দুর্ঘটনা বাড়াচ্ছে। এছাড়া দুই ধারের ঝোপঝাড় এবং রাস্তায় ব্যবহৃত নিম্নমানের বিটুমিন বৃষ্টির সময় পিচ্ছিল হয়ে গাড়ির নিয়ন্ত্রণ রোধ করছে।   

বাংলানিউজের টাঙ্গাইল প্রতিনিধি সুমন কুমার রায় জানান, গত এক মাসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন।

যমুনা সেতুর পূর্ব স্টেশন থেকে কালিহাটি উপজেলা এবং মির্জাপুর এলাকায় দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি। এরমধ্যে মির্জাপুরের ইচাইল, ডুবাইল, মিয়াপুর ও সোহাগপাড়া, কালিহাতির চরভাবনা, বাসাইলের বাইখোলা, ঘাটাইলের কালিদাসপাড়া এবং সদর উপজেলার করটিয়া দুর্ঘটনা প্রবণ এলাকা।  

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম মামুন মিয়া বাংলানিউজকে বলেন, “যানবাহনের অতিরিক্ত গতি এবং অভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এছাড়া অদক্ষ চালক ও বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তাও দুর্ঘটনার জন্য দায়ী।”

তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের বিভিন্ন স্থানে ওয়ালটনের সৌজন্যে দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

তিনি বলেন, “লজিস্টিক সাপোর্টের কারণে অনেক সময় দুর্ঘটনা কবলিত যান উদ্ধার করতে সময় লেগে যায়। এজন্য লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে।”  

রাস্তা চার লেনে উন্নীত করলে দুর্ঘটনা অনেকটা কমবে জানিয়ে সংশ্লিষ্টরা এ দাবি করে আসছেন দীর্ঘ দিন থেকে।

ঢাকা-রংপুরগামী টিআর ট্রাভেলস এর সুপারভাইজার আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, “অধিকংশ দুর্ঘটনা ঘটে রাস্তার পাশের হাট-বাজারের কারণে। দুই লেনের রাস্তায় কোন দুর্ঘটনা ঘটলে যান চলাচল বন্ধ থাকে। এজন্য রাস্তার পাশের হাট-বাজার-ফুটপাত অপসারণ করতে হবে।”

তিনি বলেন, “রাস্তা চার লেনে উন্নীত হলে দুর্ঘটনা কমে আসবে। চলাচলও নির্বিঘ্ন হবে।”

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নানা সমস্যার কারণে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। অবশ্য ঈদকে সামনে রেখে চলাচল নির্বিঘ্ন করতে যোগাযোগমন্ত্রী বিভিন্ন এলাকায় সফর করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।

এদিকে গত ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতু-জামালপুর-তারাকান্দি সংযোগ রেলপথের উদ্বোধনকালে ঢাকা-টাঙ্গাইলে কমিউটার ট্রেন চালু এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লাইনে উন্নীত করার কথা জানান। এরমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনের কাজ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত