|

দুইয়ের জবাবে পাঁচ গোল খেল বাংলাদেশ হকি দল
18 Feb 2013 06:22:29 PM Monday BdST
স্পোর্টস করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: দিল্লিতে আয়োজিত ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-২ গোলে পরাজিত হয় কোচ মাহবুব হারুনের দল।
দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে দারুণ নৈপূণ্য দেখায় লাল-সবুজরা। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিশদের জোরালো ফ্লিক দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। ১৪ মিনিটে আয়ারল্যান্ডের আরো একটি প্রচেষ্টাও ব্যর্থ করেন তিনি। ১৮ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। ১৫ মিনিটে বিপ্লবের লং বলে দুর্দান্ত কানেক্টের সাহায্যে দলকে প্রথম গোল এনে দেন মঈনুল ইসলাম কৌশিক (১-০)। লাল-সবুজদের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। নান্নুর পুশ রানা স্টপ করেন এবং দুর্দান্ত ফ্লিকে বল জালে জড়ান চয়ন (২-০)।
বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি জাহিদ হোসেনের দল। ২২ মিনিটে জাহিদের ভুলের সুযোগে সোদার্নের গোলে ব্যবধান কমান আয়ারল্যান্ড (২-১)। ২৯ মিনিটে রাসেল মাহমুদ জিমির ভুলে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। এবারো গোল করেন সোদার্ন (২-২)। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে আইরিশদের এগিয়ে নেন কার্গো। বৃত্তের মধ্য থেকে কার্গোর আলতো পুশে পরাস্ত হন জাহিদ (২-৩)।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ৩৯ মিনিট বৃত্তের মধ্যে হিট করতে গিয়ে স্টিক ছুটে যায় জিমির। পরের মিনিটে প্রতিপক্ষের ভালো একটি আক্রমণ রুখে দেন জাহিদ। ৪৫ মিনিটে পোস্টের নিকটে থাকা সারোয়ার গোল করতে ব্যর্থ হলে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া হয় লাল-সবুজদের।
৫১ মিনিটে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বিপদে পড়ে বাংলাদেশ। বৃত্তের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতে বল লাগলেও শাস্তিটা বাংলাদেশের বিরুদ্ধে যায়। তবে পেনাল্টি কর্নার থেকে করা ফ্লিক প্রতিহত করে দলকে এবারের মতো বাঁচিয়ে দেন গোলরক্ষক জাহিদ। চার মিনিট পরেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আবারো পেনাল্টি কর্নার পায় আয়ারল্যান্ড। সুযোগ কাজে লাগিয়ে ওডনুগুর গোলে আরও এগিয়ে যায় আইরিশরা (৪-২)।
৬৩ মিনিটে পঞ্চম গোল আদায় করে আয়ারল্যান্ড। বৃত্তের বাইরে থেকে করা পুশ সোদার্নের স্টিক ছুঁয়ে বল পোস্টে আশ্রয় নেয় (৫-২)। ৫৬ ও ৬৭ মিনিটে দুটি পেনাল্টি কর্নার সেভ করে দলকে আরো বড় পরাজয় থেকে রক্ষা করেন চয়ন। শেষ মুহূর্তে আইরিশ দুটি সমন্বিত আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক জাহিদ।
এদিকে ‘এ’ গ্রুপের দিনের প্রথম ম্যাচে চীন ৪-০ গোলে হারিয়েছে ওমানকে। পরবর্তী ম্যাচে বুধবার চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩ এএইচবি/এসএ/এফএইচএম
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|