banglanews24.com Logo

পুলিশের নজরে জামায়াত-শিবির

দিনাজপুরে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে লিফলেট

22 Sep 2012   05:45:56 PM   Saturday BdST

সাজেদা সুইটি ও সানি সরকার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর থেকে: দিনাজপুরে জামায়াত-শিবির অনেকটাই থিতিয়ে থাকলেও ক’দিন ধরেই তৎপরতা বাড়িয়ে দিয়েছে। যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি সম্বলিত লিফলেট শহরজুড়ে বিতরণ করছে দলটি। আর তাই তাদের দিকে বিশেষ নজরও দিতে হচ্ছে পুলিশকে।

বাংলানিউজের প্রশ্নের জবাবে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শিরীন আক্তার জাহান জামায়াত-শিবিরের তৎপরতার ওপর বিশেষ নজরদারির বিষয়টি স্বীকার করেন।

এ সময় তার অফিস কক্ষে উপস্থিত অন্য কর্মকর্তারাও জানান, রোববার খালেদা জিয়ার জনসভাকে ঘিরেই জামায়াত-শিবিরের এই বিপুল উৎসাহ-উদ্দীপনা।

যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের ছবি সম্বলিত লিফলেটে লেখা আছে, ‘দেশ পরিচালনায় ব্যর্থ, দুর্নীতিবাজ আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার পদ্ধতি পুনর্বহাল ও কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন বন্ধ, শেয়ারবাজার লুণ্ঠনকারী, পদ্মাসেতু নির্মাণে দুর্নীতি, রেলওয়ে ও হলমার্ক অর্থ কেলেংকারীর শাস্তি এবং জামায়াতসহ ১৮ দলীয় সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ২টার বিশাল জনসভায় যোগ দিন।’

যদিও এ লিফলেট নিয়ে মাথা ঘামাচ্ছেন না জানিয়ে শিরীন জাহান বলেন, ‘‘জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। জামায়াত কোনো বিশৃঙ্খলার সুযোগ পাবে না। তবু তাদের দিকে আমাদের নজর বরাবরই থাকবে।’’

তিনি বলেন, ‘‘আমরা কাউকেই আটক করছি না। এতে হীতে বিপরীত হবে। তারা ঝামেলা করার সুযোগ পাবে। তবে কোনো অনিয়মতান্ত্রিক আচরণ দেখলে ‘থ্রেট’ না দিয়ে উপায় থাকবে না।’’

জামায়াতের দিনাজপুর জেলা আমীর মো. আনোয়ারুল ইসলাম অবশ্য বাংলানিউজকে ভিন্ন কথা বললেন।

তার মতে, এখানে জামায়াত সবসময়ই শক্তিশালী দল। একটি বড় কর্মসূচি উপলক্ষে তো তৎপরতা বাড়বেই।

আর পুলিশের মনোভাব সম্পর্কে অভিযোগের সুরে তিনি বলেন, ‘‘আমাদের প্রতি পুলিশ সবসময়ই বিরাগ। এখনো আমাদের নামে ২৮টি মামলা আছে। আমরা নাকি প্রশাসনিক কাজে বাধা দেই।’’

জামায়াতের পক্ষ থেকে কোন প্রকার বিশৃঙ্খলার আশংকা উড়িয়ে দিয়ে পুলিশের নিরাপত্তা তৎপরতার প্রশংসা করে তিনি বলেন, “জনগণের স্বস্তি বাড়বে এতে, সঙ্গে আমাদেরও।”

এদিকে জামায়াতের তৎপরতা ও লিফলেট খালেদা জিয়ার জনসভার গ্রহণযোগ্যতা কমিয়ে দেবে বলে মনে করছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরী।

বাংলানিউজকে তিনি বলেন, “দেশের মানুষ যুদ্ধাপরাধের বিচার চায়। আর তাদের মুক্তির দাবিতে এসব লিফলেট ও জামায়াতের অতিরিক্ত তৎপরতা বিএনপির প্রতি তরুণ ভোটারদের শ্রদ্ধাকে ক্ষতিগ্রস্ত করবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত