|

চট্টগ্রামে ক্যাভার্ডভ্যানভর্তি দেড় কোটি টাকার মদ-ভোগ্যপণ্য আটক
16 Jul 2012 12:38:12 PM Monday BdST
সিনিয়র করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর লালখানবাজার থেকে প্রায় দেড় কোটি টাকার বিদেশি মদ এবং অনুমতিবিহীন আমদানি করা ভোগ্যপণ্যসহ একটি ক্যাভার্ডভ্যান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে আবু বক্কর সিদ্দিক (২৫) নামে ওই ভ্যানের চালককেও আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ-অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের গোয়েন্দা শাখার কর্মকর্তারা এ অভিযান চালান।
আটক করা পণ্যের মধ্যে আছে, এক হাজার পাঁচশ ৪৮ বোতল বিদেশি বিভিন্ন দামি ব্র্যান্ডের মদ এবং বিদেশি চিপস, মিনারেল ওয়াটার, সসসহ আরও কিছু ভোগ্যপণ্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাংলানিউজকে বলেন, ‘গত তিনদিন ধরে আমরা বিদেশি মদ নিয়ে একটি ক্যাভার্ড ভ্যান নগরীতে প্রবেশ করবে বলে খবর পাচ্ছিলাম। এ খবরের ভিত্তিতে রোববার রাতে আমরা লালখানবাজার এলাকায় অবস্থান নেই। ভ্যানটি আসার পর আমরা সেটিতে অভিযান চালিয়ে মদ এবং ফুড প্রোডাক্টস আটক করি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্যাভার্ডভ্যানটির সামনে ভোগ্যপণ্যগুলো রাখা হয়েছিল যাতে তল্লাশির সময় কেউ সন্দেহ করতে না পারে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ভ্যানটি খুলে সেগুলো আটকের পর দেখেন, ভোগ্যপণ্যগুলো বিদেশি এবং এগুলো আমদানি সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র চালকের কাছে নেই।
এরপর তারা ভেতরে তল্লাশি করতে গিয়ে আলাদা-আলাদাভাবে কার্টনে মোড়ানো বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদগুলোর সন্ধান পান।
তপন কান্তি শর্মা বাংলানিউজকে বলেন, ‘মদগুলো লন্ডন, স্কটল্যান্ড, রাশিয়া, আমেরিকার বিভিন্ন দামী ব্র্যান্ডের। এগুলো প্রতি লিটার মদের দাম প্রায় ১২ থেকে ১৪ হাজার টাকা।’
সূত্র জানায়, আটক কাভার্ডভ্যানটি ঢাকা থেকে এসেছে। এসব মদ কিভাবে, কোথা থেকে কাভার্ড ভ্যান বোঝাই করা হয়েছে সেটা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অভিযানের সময় ওই কাভার্ড ভ্যানে চালক ছাড়া আর কেউ ছিল না বলে সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২ আরডিজি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|