banglanews24.com Logo

মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বাংলাদেশ আগ্রহী: প্রধানমন্ত্রী

14 May 2012   08:47:12 PM   Monday BdST

সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মিয়ানমারের সঙ্গে প্রাণোচ্ছ্বল সম্পর্ক স্থাপনে আগ্রহী বাংলাদেশ। সোমবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ মিন লুইন এর বিদায়ী সাক্ষাতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়াঙ্গুন দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সেতু নির্মাণে বাংলাদেশের সোপান হওয়ায় দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তাকে ঢাকা খুবই গুরুত্ব দেয়।’

রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা ঢাকায় অবস্থানকালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিদায়ী রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়েছেন।’

শেখ হাসিনা বৈঠকে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের মিমাংসা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ দু’দেশের জনগণের বৃহত্তর স্বার্থ ও কল্যাণের জন্য মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।’
 
আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যকার ঐতিহাসিক চমৎকার সম্পর্ক, সাংস্কৃতিক ঐতিহ্য ও জনগণ পর্যায়ে যোগাযোগ এবং অভিন্ন প্রত্যাশার উল্লেখ করে বলেন- সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপিত হলে দু’দেশের মধ্যকার বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।’

বৈঠকে প্রধানমন্ত্রী বহুমুখী আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘সহজ যোগাযোগ ব্যবস্থা আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করবে এবং দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য নিরসনে অর্থনীতির অন্যান্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার হবে।’

শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সাম্প্রতিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে খুব শিগগির ঢাকা-চট্টগ্রাম-ইয়াঙ্গুন বিমান চলাচল চালু হবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া প্রধানমন্ত্রী গত দু’দশক ধরে বাংলাদেশে দু’টি ক্যাম্পে বসবাসকারী মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের তাদের দেশে ফিরিয়ে নিতে সেদেশের প্রেসিডেন্টের আশ্বাসের প্রশংসা করেন।

জ্বালানি খাতে মিয়ানমারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে তার সরকারের আগ্রহ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘পারস্পরিক সুবিধাজনক দরে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্য থেকে উদ্বৃত্ত জলবিদ্যুৎ আমদানি করার ব্যাপারে বাংলাদেশ আগ্রহী।’

এ সময় আরো বেশি বাংলাদেশি ওষুধ আমদানির লক্ষ্যে নীতিগত বাধা দূর করতে এবং তৈরি পোশাক, ইলেকট্রনিক যন্ত্রপাতি, পাট ও পাটজাত এবং চামড়াজাত পণ্যসহ বাংলাদেশি পণ্য আমদানির বিষয়টি বিবেচনার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা পুনরায় মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও মাদাম খিন খিন উইনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং আশা প্রকাশ করেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে শিগগির এ সফর অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

অ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউ মিন লুইনকে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) সংস্থায় মিয়ানমারের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ১৪, ২০১২
আরএম/সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত