banglanews24.com Logo

বইমেলায় সূচীপত্রের সেরা ৫

17 Feb 2013   07:06:11 PM   Sunday BdST

আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: বইমেলা নিয়ে বাংলানিউজের বিশেষ আয়োজন বইমেলার  ‘সেরা ৫’। বিভিন্ন প্রকাশনা সংস্থার সেরা ৫টি বই নিয়ে বাংলানিউজের এ আয়োজন। মেলাকে কেন্দ্র করে আসা উল্লেখযোগ্য প্রকাশনাগুলোর ৫টি বই এখানে তুলে ধরা হয়। প্রকাশনা সংস্থা ও বাংলানিউজের বইমেলা টিমের বাছাইয়ে অসংখ্য বইয়ের মধ্যে ৫টি বই নির্বাচন করেই ‘সেরা ৫’।
 
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষ্যে এরই মধ্যে ‘সূচীপত্র’ থেকে প্রকাশিত হয়েছে কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধসহ বিষয়ভিত্তিক ৪০টি বই। আরও ১০টি বই আসার অপেক্ষায়। গ্রন্থমেলায় অর্ধশতাধিক বই আনবে বলে জানিয়েছেন প্রকাশক সাঈদ বারী। আজ তাদের সেরা ৫ প্রকাশ করা হলো।
 
 ।।আরজ আলী মাতুব্বর পাঠ ও মূল্যায়ন।।
রুদ্র সাইফুলের সম্পাদনায় বইটিতে ২৫জন লেখক আরজ আলী মাতুব্বরের বিভিন্ন দিক তুলে ধরেছেন বইটিতে। উঠে এসেছে তার চিন্তা ও দর্শনের নানা দিক। কাজী আবুল কাসেম, মূসা আনসারী, শামসুর রহমান, যতীন সরকার, সেলিম আল দীন, হাসান আজিজুল হকের মতো খ্যাতিমানদের লেখা স্থান পেয়েছে বইটিতে। চারুপিন্টুর প্রচ্ছদে বইটির দাম ৪৫০টাকা।
 
।।অপরাহ্নের স্মৃতি।।
অপরাহ্নের স্মৃতি মূলত আবুল হোসেনের আত্মজৈবনিক রচনা। ২০০৩ সালে লেখক ‘আমার এই ছোট ভুবনে’ দিয়ে যে স্মৃতি কথা শুরু করেছেন ‘অপরাহ্নের স্মৃতিকথা’ তার সমাপ্তি। সহজ সরল গদ্যের এ বইটিতে লেখকের জীবনের নানা বাঁক উঠে এসেছে। মাসুদ কবিরের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
 
।।কোন আলোকে।।
মুসতাক আহমেদ হেলালের মুক্তিযুদ্ধ ও উদ্বাস্তু-সমস্যা কেন্দ্রিক একটি উপন্যাস ‘কোন আলোকে’। উদ্বাস্তু সমস্যার কারণ ও আত্মপরিচয়রে ঠিকানা খোঁজার এক হৃদয়গ্রাহী কাহিনী গড়ে উঠেছে লেখকের অনুসন্ধিৎসু অন্বেষণে। এক বাঙালি পুরুষ ও অবাঙালি নারীর প্রণয়ের জটিল পরিণতির আবর্তে। মাসুদ কবিরের প্রচ্ছদে বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
 
।।গোলাম মাওলা রনি’র নির্বাচিত কলাম।।
সংসদ সদস্য গোলাম মাওলা রনি’র ‘নির্বাচিত কলাম’ গ্রন্থাকারে প্রকাশ হয়েছে এবারের একুশে বইমেলায়। জীবনে চলার পথে ঘটে যাওয়া ঘটনার অসাধারণ উপস্থাপনা, ব্যক্তিগত অভিজ্ঞতার তুলনামূলক বিশ্লেষণ, গল্পকথার মধ্য দিয়ে পাঠককে নিমেষেই তন্ময় করে নিতে সক্ষম হয়েছেন তিনি। তার প্রতিটি লেখায় ফুটে উঠেছে সমসাময়িক ঘটনার এপিঠ-ওপিঠ। বর্ণনা করেছেন ভালো এবং মন্দ অনুভূতি। মোমিন উদ্দিন খালেদের প্রচ্ছদে বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা।
 
।।শাশুড়িপুরাণ।।
আশা নাজনীনের প্রথম উপন্যাস শাশুড়িপুরাণ। শাশুড়িপুরাণ মূলত একটি ট্রিলজি উপন্যাসের প্রথম সিক্যুয়াল। শাশুড়ি মনস্তত্ত্বের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে রচিত এ উপন্যাসটিতে শাশুড়ির চোখ থেকে দেখা দৃশ্য বর্ণনা হয়েছে। উত্তমপুরুষে দর্শক শ্বাশুড়ি এখানে ছেলে আর ছেলের বউকে দেখছেন। চারুপিন্টুর প্রচ্ছদে বইটির দাম ২৫০টাকা।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত