banglanews24.com Logo

সেমির স্বপ্ন জিইয়ে রাখলো পাকিস্তান

02 Oct 2012   03:42:09 PM   Tuesday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলম্বো: টি-টোয়েন্টি বিশ্বকাপে শেন ওয়াটসনের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে দারুণ খেলার পর শীর্ষ আটেও ভালো খেলেছে তারা। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেও সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩২ রানে হেরেছে অসিরা। তাদের হারিয়ে সেমিফাইনালে উঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

পাকিস্তান: ১৪৯/৬ (ওভার ২০)
অস্ট্রেলিয়া: ১১৭/৭ (ওভার ২০)
ফল: পাকিস্তান ৩২ রানে জয়ী  

প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের ১.১ ওভারেই সাজঘরে ফেরেন মোহাম্মদ হাজিফ (৪)। মিচেল স্টার্কের বলে এলবিডাব্লউর ফাঁদে পড়েন পাক অধিনায়ক।

অধিনায়কের পরই প্যাভিলিয়নের পথ ধরেন ইমরান নাজির (১৪)। প্রতিযোগিতায় দুর্দান্ত বোলিং করা শেন ওয়াটসনের ফুল টসের বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে জর্জ বেইলির হাতে ক্যাচ দেন তিনি।

তৃতীয় উইকেটে দলের হাল ধরেন নাসির জামশেদ ও কামরান আকমল। এই জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৭৯ রান। জুটিতে ভাঙন ধরান জ্যাভিয়ের ডোহার্টি। তার বলে ক্যাচ আউট হন জামশেদ (৫৫)। চারটি চার ও দুটি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান বাঁহাতি এই ক্রিকেটার।

দারুণ খেলছিলেন কামরান। কিন্তু তাকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি স্টার্ক। ব্যক্তিগত ৩২ রানে স্টার্কের দ্বিতীয় শিকার হন পাক উইকেটরক্ষক ব্যাটসম্যান। জামশেদ ও কামরানের বিদায়ের পর রান তুলার গতি কমে যায় পাকিস্তানের। তবে আব্দুল রাজ্জাকের ২২ রানের কল্যাণে শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৯ রান করতে পারে তারা।

জবাবে পাকিস্তানের বোলিং তোপে বেশি দূর যেতে পারেনি অস্ট্রেলিয়া। মূলত সাঈদ আজমল তিনটি, মোহাম্মদ হাফিজ ও রাজা হাসান দুটি করে উইকেট নিয়ে ধ্বস নামান অসি ইনিংসে। জয় না পেলেও মাইকেল হাসির অপরাজিত ৫৪ রানে ভর করে সাত উইকেটে ১১৭ রান তুলতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। শীর্ষ আটের শেষ ম্যাচে হারলেও সেমিফাইনালে উঠেছে জর্জ বেইলির দল। কারণ সেমির টিকিট পেতে প্রয়োজনীয় ১১২ রান করতে সমস্যা হয়নি তাদের।

পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ইমরান নাজির, নাসির জামশেদ, কামরান আকমল, শোয়েব মালিক, উমর আকমল, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, উমর গুল, সাঈদ আজমল ও রাজা হাসান।

অস্ট্রেলিয়া দল: জর্জ বেইলি (অধিনায়ক), শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, মাইকেল হাসি, ক্যামেরন হোয়াইট, গ্লেন ম্যাকওয়েল, ম্যাথু ওয়াডে, ব্রাড হজ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জ্যাভিয়ের ডোহার্টি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
সিজি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত