banglanews24.com Logo

সানডে-মিঠুনের জোড়া গোলে মুক্তিযোদ্ধার জয়

20 May 2012   08:58:58 PM   Sunday BdST

স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান  কমিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রোববার মিঠুন চৌধুরী ও সানডে চিজোবার জোড়া গোলে তারা ৪-০ তে উড়িয়ে দেয় রহমতগঞ্জকে।

আগের ম্যাচে ফেনী সকারকে ৫-০ গোলে হারানো মুক্তিযোদ্ধা খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করে রহমতগঞ্জের ওপর। সাত মিনিটেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার লিমার পাস থেকে জালে বল জড়ান সানডে। খেলার ২০ মিনিট যেতে দশজনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। মুক্তিযোদ্ধার নাসিরুদ্দিনকে মাঝমাঠে বল ছাড়া ফেলে দেওয়ায় মিডফিল্ডার শিরফিন আহমেদকে লালকার্ড দেখান রেফারি।

বিরতির আগে ব্যবধান ২-০ তে উন্নীত করে অলরেড জার্সিধারীরা। ৩৮ মিনিটে মামুুনুল ইসলামের নিচু পাস থেকে মিঠ্নু চৌধুরী প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন।

৬৯ মিনিটে সানডের গোলে আরও এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। স্ট্রাইকার মিঠুন চৌধুরীর সঙ্গে বল আদান-প্রদান করে বক্স থেকে বা পায়ের শটে দ্বিতীয় পোস্ট দিয়ে নিশানাভেদ করেন সানডে।  লিগে এ নিয়ে নয়টি গোল পেলেন মোহামেডান থেকে আসা এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

৮২ মিনিটে বিপদসীমা থেকে নেওয়া মিঠুন চৌধুরীর শট চমৎকারভাবে প্রতিহত করেন গোলরক্ষক শাকিল। অবশ্য সাত মিনিট পরে সানডের স্কয়ার পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান মিঠুন। গোল করার এক মিনিট পরে হাত দিয়ে বল ঠেকিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন নারায়ণগঞ্জের এই ফুটবলার। বাকি সময় কোন গোল হয়নি।

এ জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মুুক্তিযোদ্ধা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে আবাহনী। অপর দিকে ১৩ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তালিকার তলানীতে রয়েছে রহমতগঞ্জ।

রহমতগঞ্জ কোচ মাহমুদুল হক লিটন বলছিলেন, ‘অনুশীলনে খেলোয়াড়রদের পাওয়া যায়না। প্র্যাকটিসে সিরিয়াস না হওয়ায় মাঠে প্রত্যাশিত খেলাও খেলতে পারছে না।’

অপরদিকে মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, ‘জয় প্রত্যাশিতই ছিলো। শিরোপার লক্ষ্যে আমাদের কাজকে এগিয়ে নিচ্ছি। অন্য কোনো দল নিয়ে আমরা ভাবছি না। লিগ শেষে যারা ভালো করবে তারাই শিরোপা পাবে।’

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২০, ২০১২

এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত