|

দুপুর ২টার মধ্যে শিক্ষকদের দাবি নেওয়ার আলটিমেটাম
17 May 2012 12:46:29 PM Thursday BdST
স্টাফ করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা : চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষকরা বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছেন।
এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া না হলে অনশনসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
সোমবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তাদের দাবি পূরণের লক্ষ্যে ‘চূড়ান্ত আন্দোলন কর্মসূচি’ চালিয়ে যাচ্ছেন সারা দেশ থেকে আসা কয়েক শত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক। রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষকদের মোট ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদ এ আন্দোলন পরিচালনা করছে। রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব আবদুর রহমান বাচ্চু জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বুধবার আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে মহাসমাবেশ করে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে। আমরা আশা করবো, প্রধানমন্ত্রীর পক্ষ কোনো প্রতিনিধি এসে দাবি বাস্তবায়নের ঘোষণা দেবেন।’
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এর আগে তাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাও বাস্তবায়ন করতে হবে।
আবদুর রহমান বলেন, যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা বিদ্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দেবেন। এতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে পড়বে।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বুধবার বৈঠক হলেও সাধারণ শিক্ষকদের চাপের মুখে সরকারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
বুধবার বিকেলে সচিবালয়ে শিক্ষক নেতাদের ডেকে পাঠিয়ে সরকারের পক্ষ থেকে সমঝোতা প্রস্তাব দেন মন্ত্রী। সমিতির ৩৪ জন প্রতিনিধি এ প্রস্তাব নিয়ে শহীদ মিনারে ফিরে সাধারণ শিক্ষকদের জানালে তারা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন।
এ সময় শিক্ষক নেতাদের সঙ্গে সাধারণ শিক্ষকদের প্রচণ্ড বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে রাত পৌনে দশটার দিকে সরকারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি চলমান আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন।
তিনি জানান, বৃহস্পতিবার ২০ জন শিক্ষকের রোজা রাখার যে কর্মসূচি নেওয়া হয়েছিলো তা অব্যাহত থাকবে। বিকেলে গণঅনশনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।
বিক্ষুব্ধ শিক্ষকদের একজন ঢাকা বিভাগের বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধা রানী ভৌমিক বাংলানিউজকে বলেন, ‘সরকার সাত দিন পরে সিদ্ধান্ত জানাবে বলেছে। আমরা সাত দিন কেনো, ৩৬৫ দিন শহীদ মিনারেই থাকতে রাজি আছি। বাড়িতে না খেয়ে মরার চেয়ে এখানেই মরবো।’
‘নেতারা সরকারের সঙ্গে সমঝোতা করলে প্রয়োজনে নতুন নেতৃত্ব আন্দোলন চালিয়ে যাবে’ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সারাদেশে মোট ২৪ হাজার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষক স্বল্প বেতনে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের চাকরি জাতীয়করণ অর্থাৎ তাদের বেতন স্কেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমান না করায় মাসে মাত্র মাত্র ৪ হাজার ৯শ’ টাকা বেতন পান এসব ভাগ্যবিড়ম্বিত শিক্ষকেরা। তাদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ মহিউদ্দীন খান আলমগীরসহ সরকারের একাধিক মন্ত্রী-এমপি দাবি মেনে নেওয়ার বার বার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।
বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১২ এমকে/আইএইচ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|