|

পদ্মায় স্পিডবোট ডুবি, প্রাণহানি ১, নিখোঁজ ২
07 May 2012 11:35:23 PM Monday BdST
জেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাদারীপুর: মাওয়া-কাওরাকান্দি নৌরুটে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ যাত্রী এবং এখনো নিখোঁজ রয়েছে ২ জন।
ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম জয়ন্ত। তিনি খুলনার নিউমার্কেটে কসমেটিকস ব্যবসা করতেন বলে জানা গেছে।
আহতরা ও ঘাট সূত্র জানায়, লৌহজংয়ের মাওয়া থেকে শিবচরের কাওরাকান্দিগামী একটি স্পিডবোট সোমবার দিবাগত রাত আনুমানিক ৭টায় কাঠালবাড়ি ঘাট থেকে ১৩ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।
স্পিডবোটটি মাঝ পদ্মায় যেতেই হঠ্যাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় কাওরাকান্দিগামী কেটাইপ ফেরি কিশোরী স্পিডবোটটিকে পেছন থেকে ধাক্কা দেয়। প্রাণ বাঁচাতে যাত্রীরা নদীতে ঝাপিয়ে পড়ে।
স্থানীয়রা নৌযান নিয়ে ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে জয়ন্ত হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাকিদের মধ্যে তাপস রায়, মামুন চৌধুরী, ফারুক মাতবরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক।
আহত অবস্থায় উদ্ধার হওয়া তাপস রায় বাংলানিউজকে বলেন, ‘মাঝ পদ্মায় ইঞ্জিন বিকল হয়ে গেলে একটি ফেরি বোটের ওপর তুলে দেয়। আমার দূর সম্পর্কের মামা জয়ন্ত মারা গেছেন। সবাইকে দেখতে পেলেও ২/৩ জনকে দেখতে পাইনি।’
এদিকে কিশোরী ফেরির মাস্টার ইনচার্জ আবদুর রহমান বলেন, ‘হঠাৎ পেছন দিক দিয়ে এসে স্পিডবোটটি ফেরির সামনে থেমে যায়। এরপর আমরা পেছনে যাই। এসময় ভয়ে যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে।’ শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক পিপিএম দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেছেন, নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে। অনেককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, মে ০৭, ২০১২ এম.আর.মুর্তজা সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|