banglanews24.com Logo

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে দুর্নীতিবাজ মন্ত্রীরা অনুপ্রাণিত হবেন’

28 Jul 2012   06:25:32 PM   Saturday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও মন্ত্রীরা অনুপ্রাণিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

‘অবিলম্বে বিএনপির শীর্ষ নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের’ দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।  

প্রধানমন্ত্রীর সমালোচনা করে ব্যারিস্টার রফিকুল বলেন, “প্রধানমন্ত্রী লন্ডনে গিয়ে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো প্রতিষ্ঠানের ক্লিন সার্টিফিকেট দিয়েছেন। তার এমন বক্তব্যে দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও মন্ত্রীরা অনুপ্রাণিত হবেন।”

 “প্রধানমন্ত্রীর সার্টিফিকেট অনুযায়ী আবুল হোসেন দেশপ্রেমিক হলে দেশের সম্পদ লুণ্ঠন করতেন না” মন্তব্য করে তিনি বলেন, “সাহসী ও দেশপ্রেমিক মানুষ দেশের সম্পদ লুণ্ঠন করেন না। তারা জীবনের বিনিময়ে দেশের সম্পদ রক্ষা করেন।”

সরকারের উদ্দেশ্যে রফিকুল বলেন, “অনেক চেষ্টার পরও জনগণের চাপে আবুল হোসেন পদত্যাগে বাধ্য হয়েছেন। জনগণের চাপে আপনারাও একসময় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে বাধ্য হবেন।”

“পদ্মাসেতুর মত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন’’ বলেও অভিযোগ করেন রফিক।

সরকারকে ‘দুর্নীতিবাজ’ ও ‘চরিত্রহীন’ আখ্যা দিয়ে তিনি বলেন, “পদ্মাসেতুর দুর্নীতিসহ গত সাড়ে তিন বছরের অপকর্মের কারণে সরকার উপলদ্ধি করেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা সংবিধান সংশোধন করে এ ব্যবস্থা বাতিল করেছে।”

হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান সরওয়ার এমপি, সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির স্বণির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত