banglanews24.com Logo

সুপর্ণা নাথ-এর মুক্তগদ্য

মৌরী বিক্রেতার শরীরে নেমে আসা ভোর...

11 Oct 2012   05:47:48 PM   Thursday BdST

সুপর্ণা নাথ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সফরনামা
আচমকা দেখি, লিখছি সফরনামা ঢাউস হয়ে উড়তে উড়তে... কাগজকুড়ানী বস্তা বস্তা চুরি করে নিয়ে যাচ্ছে রোজ আমার এলোমেলো বাগান থেকে কাগজকালির হরিণ, আকাশফুল, ভেজা চাদর...
তবু, আশ্চর্য আওয়াজ নিয়ে শুয়ে আছে আমার ছুঁড়ে ফেলা কলমের গলা— আমার অলিগলিতে— বিড়বিড় করে চলেছে সেই কৃষ্ণপক্ষের চাঁদ আর অন্ধকারের ঝাঁপতালের... দৃশ্যপট...

কী ভেবে যেন মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলো তোমার মাটির টান। তবু পেছনের দরজা দিয়ে তুমি পাচার করে দিতে চাও— যে আগুনের পর্যটক এসেছিল তোমার হৃদনগরে... একটা চক একটা সীসার টুকরো হাতে পরিমাপে বেরুলো নাছোড়বান্দা গভীর শীত থেকে উঠে আসা প্রজাপতি ও বিষাক্ত কীটের মধ্যবর্তী জিয়ন স্রোত... রাতে...

খুব ভোরবেলা উঠে কুড়িয়ে নিতে চাই রোদের পশমী চুম্বন, গান... হঠাৎ দূর থেকে ঠেলে ওঠে পুরনো ব্যাঙের ছাতা, পা কেটে ক্ষতবিক্ষত করেছিলো যে জুতোজোড়া— তারা দৌড়ে আসে... নিটোল সুখ। আকাশ কুসুমী রঙ নেয় এখানেও— এখানেও...

ঘুম ভেঙে উঠে আসো তুমি আর সারাদিন ধরে নিরাপদ দূরত্বে আমরা ভাঁজ করে রাখি গত রাতের ভেজা চাঁদর। সন্ধ্যা নামে আর ভাঁজ ছোট হতে হতে নিজেদের মধ্যে গুটিয়ে যায় রোজ... সেই মুহূর্তে আমরা রঙবেরঙের কল্পসার মিশিয়ে তৈরী করে চলি আগামী কৃষি মাসের... আমাদের পুরনো গানশোনা যন্ত্রে আবহ গান... নিজেদেরকে চাপিয়েছি সহযোগী হাতলের বদলে— আর গোল গোল ঘুরপাক খেয়ে উড়তে থাকি, ভাসতে থাকি আমরা ঢাউস আলখেল্লা পরে...

আকাশলীনা
কিছু কি পুড়ে গ্যাছো আগুনের শিরা ছোয়ার আগেই, পর্ণমোচী!!! কিছু  কথায় রাতের শব্দই থেকে যাচ্ছে, জাগছে খাটের কার্নিশে ভয় বা অগোছালো বাঘছাল!! তবু, বিনয় তুমি ঝাঁপ দিলে দাও, জ্বলন্ত চুরুটে গেলে যাও হেঁটে আরও কয়েক ক্রোশ... এ যে মধ্য রাত! জেগে নেই দিনের এড়িয়ে চলা স্বপ্নচাক, কাল ঘুম দূরে... স্পষ্ট দুরবিন বেমানান ঠ্যাকে, দেখি বসত ভিটে ছেড়ে এসে আরও মুক্ত হয় আকাশের অরণ্য, দীর্ঘতা ছুয়ে যাচ্ছে দ্যাখো আকাশলীনা এপার্টমেন্টের ছাত বেয়ে উচ্চতর মেঘ— জল...

দুপুরকন্যেরা
হতে পারে— দিবালোকে বাসা বাঁধতে পারে না মিশ কালো  দুপুরকন্যেরা... রোজ খাওয়ার পর তাই দুপুরবেলাতেই হাত বাড়াচ্ছো তুমি, মৌরী বিক্রেতার শরীরে যদি ভোর নেমে আসে ভয় করবে না আমার? হেঁটে কি যাবো না ছাতা হাতে আর কয়েকটা বিকেলের পিছে চুপেচুপে...

ডেস্কটপ জুড়ে ঘাম নামে, রাতের জমিয়ে রাখা যাবতীয় নখচুমু নখেই এসে জমে কখন... মিথ্যে কহন আর যাঁতাকল জুড়ে শুয়ে থাকে আপদকালীন কেটে রাখা টুকরো বিন্যাস। সেই থেকে তবু জল জাল হয়েই থেকে যাচ্ছে, অপারগ ছেকনির তল্লাশিকে দেখে সময়ের ভাইবোনেদের মনে পরে মাঝে মাঝে...

সুপর্ণা নাথ, পশ্চিমবঙ্গীয় কবি ও আলোকচিত্রী

বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১২
সম্পাদনা : তানিম কবির, tanimkabir@gmail.com


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত