|

গণপিটুনির পর বিনা চিকিৎসায় ৩৬ ঘণ্টা থানায় কাটালো এক শিশু
08 Oct 2012 05:43:57 PM Monday BdST
বাউফল সংবাদদাতা বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাউফল(পটুয়াখালী): সামান্য চুরির অভিযোগে শাকিল (১১) নামে এক শিশুকে স্থানীয়দের গণপিটুনির পর ৩৬ ঘণ্টা বিনা চিকিৎসায় থানায় আটক রাখলো বাউফল থানার পুলিশ। এরফলে ওই শিশুটি গুরুতর অসুস্থ এবং তার শরীরের বিভিন্ন অংশের ক্ষতগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে।
পরে ওই অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ শিশুটিকে চুরির অপরাধে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
শাকিল উপজেলার নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে নাজিরপুর এলাকার এনায়েত হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বাউফল পৌর শহরের ১৫/২০টি দোকানে চুরি হওয়ায় পৌর শহরের দোকান মালিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছিল। এমনি মুহূর্তে গত শনিবার রাত ১২টার দিকে বাউফল পৌর শহরের পাবলিক মাঠ এলাকায় জনৈক পঞ্চম আলী নামে এক ব্যক্তির দোকানে চুরি করার সময় স্থানীয় ব্যবসায়ীরা শাকিলকে হাতে-নাতে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে বাউফল থানা পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।
এঘটনায় পর রোববার সন্ধ্যায় থানা হাজতে গিয়ে দেখা যায়, শিশু শাকিল অচেতন অবস্থায় পড়ে আছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে।
শাকিল বাংলানিউজকে জানায়, তার শরীরে প্রচণ্ড ব্যথা। দু’পা ও ডানহাতের ক্ষত নিয়ে ঠিকমতো উঠতে বসতে পারছে না।
ওই অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে না রেখে থানা হাজতে কেন রাখা হলো এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি বাউফল থানা পুলিশ।
একাধিক সূত্র জানায়, শিশুটির বাবা এনায়েত হোসেনের সঙ্গে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তির রাজনৈতিক বিরোধ থাকায় তার ইন্ধনে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশুটিকে থানায় আটকে রেখে মানসিক নির্যাতন করেছেন।
এ ব্যাপারে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলিফিকার মোহাম্মদ গাজ্জালী বাংলানিউজকে জানান, আইনগত জটিলতার কারণে শিশুটিকে থানায় আটক রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১২ সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|