|

সুপার ওভারে জয়ী শ্রীলঙ্কা
27 Sep 2012 03:33:07 PM Thursday BdST
স্পোর্টস করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাল্লেকেলে: টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ আটের খেলায় জয় পেয়েছে শ্রীলঙ্কা। শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে স্বাগতিকরা হারিয়েছে নিউজিল্যান্ডকে।
নিউজিল্যান্ড: ১৭৪/৭ (ওভার ২০) শ্রীলঙ্কা: ১৭৪/৬ (ওভার ২০) ফল: সুপার ওভারে জয়ী শ্রীলঙ্কা
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। ব্যাট করতে নেমে দলের ৫৭ রানের মধ্যে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আকিলা ধনঞ্জয়ার বলে ক্যাচ আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৩৮ রান করেন তিনি।
দারুণ ফর্মে থাকা ব্রেন্ডন ম্যাককালাম ভালোই ব্যাট করছিলেন শ্রীলঙ্কানদের বিপক্ষে। কিন্তু গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকানো ডানহাতি এই ব্যাটসম্যানকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি বোলাররা। নিজের নামের পাশে ২৫ রান যোগ হতেই তাকে সাজঘরের পথ দেখান জীবন মেন্ডিস। জীবনের বল উড়িয়ে মার গিয়ে ডিপ স্কয়ার লেগে থিসারা পেরেরার তালুবন্দী হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ম্যাককালামকে থামাতে পারলেও রব নিকলকে আটকাতে পারেনি লঙ্কান বোলাররা। ধনঞ্জয়ার দ্বিতীয় শিকার হওয়ার আগে ৪০ বলে ৫৮ রান করেন নিকল। তিনটি চার ও চারটি ছয়ের মার ছিলো তার ইনিংসে। শেষপর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করতে পারে কিউইরা।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিউই বোলারদের তুলোধুনো করেন লঙ্কানরা। শেষ দিকে দৃশ্যপট ছিলো একেবারে উল্টো। নিয়ন্ত্রিত বোলিং করে লঙ্কানদের রানের গতি কমিয়ে দেয় সফরকারী বোলাররা। তিলকারত্নে দিলশানের ৭৬ ও মাহেলা জয়াবর্ধনের ৪৪ রানের সুবাদে স্বাগতিকদরে গন্তব্যে পৌঁছার পথ পরিষ্কার থাকলেও ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজনীয় এক রান নিতে পারেননি লাহিরু থিরিমান্নে। টিম সাউদির বলে উইকেটের প্রান্ত বল করতে গিয়ে রান আউট হন তিনি (৫)। স্কোর সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। খেলতে নেমে টিম সাউদির ছয় বলে এক উইকেটে ১৩ রান করে স্বাগতিকরা। ব্যাট করেন মাহেলা জয়াবর্ধনে, থিরাসা পেরেরা ও তিলকারত্নে দিলশান। জবাবে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং এক উইকেট হারিয়ে ৭ রান করতে পারে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কা দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস ও আকিলা পেরেরা।
নিউজিল্যান্ড দল: রস টেলর (অধিনায়ক), মার্টিন গুপটিল, জেমস ফ্রাঙ্কলিন, ব্রেন্ডন ম্যাককালাম, রব নিকল, জ্যাকব ওরাম, ড্যানিয়েল ভেট্টরি, কেন উইলিয়ামসন, নাথান ম্যাককালাম, টিম সাউদি ও কাইল মিলস।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২ সিজি
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক)
corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত
|
|