banglanews24.com Logo

জয়পুরহাটের গোপিনাথপুর দোল যাত্রা মেলা শুরু

08 Mar 2012   10:12:04 AM   Thursday BdST

জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুরে প্রতি বছরের ফাল্গুন মাসে ফাল্গুনী পুর্ণিমায় দোল উৎসব উপলক্ষে ১৩ দিনের শ্রী শ্রী গোপিনাথ ঠাকুরের দোল মেলা অনুষ্ঠিত হয়।

যদিও ১৩ দিনের তারপরও এ মেলা থাকে মাসব্যাপী। এই দোল যাত্রা মেলাকে ঘিরে প্রতিবছরের ন্যায় তিন উপজেলার প্রায় শতাধিক গ্রামে এবারও উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রায় ৪০০ বছরের পুরোনো এই মেলার ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মেলার আয়োজকরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

মেলার আয়োজক কমিটি বাংলানিউজকে জানান, ১০০ একর জায়গা জুড়ে অস্থায়ী দোকানপাট নির্মাণসহ মেলার আয়োজন পুরোদমে চলছে। মেলায় দূর-দূরান্ত থেকে গরু, মহিষ, ঘোড়া, আসতে শুরু করেছে।  

মেলার আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ ক্যাম্প, গুরুত্বপুর্ণ স্থানে চেকপোস্ট ও অতিরিক্ত পুলিশ থাকছে।

মেলার আয়োজক কমিটির অন্যতম সদস্য প্রভাষক জুবেল আহম্মেদ বাংলানিউজকে জানান, ৮ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৩ দিনব্যাপী এই মেলা চলবে।

তবে গত বছরের মত এবারও চিত্ত বিনোদনের জন্য যাত্রা-সার্কাস ও পুতুল নাচের নামে নগ্ন নৃত্য পরিবেশনের আশংকা করছেন এলাকাবাসী।

এবার মেলায় পাঁচটি যাত্রা-সার্কাস ও ৩৫টি পুতুল নাচ থাকছে। গত বছর ছিল সাতটি যাত্রা-সার্কাস ও ২৭টি পুতুল নাচ।

মেলা আয়োজক কমিটি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ মেলা উপলক্ষে আশপাশের প্রায় শতাধিক গ্রামের লোকজন তাদের জামাতা, আত্মীয়-স্বজনকে আগাম দাওয়াত করেছে।

দোল যাত্রার দিন থেকেই আমন্ত্রিতরা আসতে শুরু করে। তবে ঈদে বা যেকোন তিথি পর্বে জামাতা-মেয়েকে দাওয়াত না করলেও চলবে কিন্তু দোল যাত্রা মেলায় দাওয়াত করতেই হবে। এটা এই এলাকার অলিখিত রীতিতে পরিণত হয়েছে।

মেলায় গরু, মহিষ, ঘোড়া, গাধা ও আসবাবপত্র কেনার জন্য সারা বছর ধরে এসব গ্রামের লোকজন অপেক্ষা করে।

হরিসারা গ্রামের তোতা মিয়া বাংলানিউজকে জানান, গত বছর মেলার পর গ্রামে যেসব মেয়ের বিয়ে হয়েছে তাদের অধিকাংশ অভিভাবকেরা বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেননি।
মেলায় আসবাবপত্র ও আনুসঙ্গিক জিনিসপত্র কেনার পরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন।

মেলা কমিটির সভাপতি ও গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ জোয়ারদার বাংলানিউজকে জানান, আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মেলা কমিটির শতাধিক স্বেচ্ছাসেবী দল মেলায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএএম রফিকুন্নবী বাংলানিউজকে জানান, মেলায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সব ধরণের প্রস্তুতি শেষ করেছে।

চিত্ত বিনোদনের নামে কোনো প্রকার অশ্লীলতা করতে দেওয়া হবে না বলে বলেও তিনি জানান।  

বাংলাদেশ সময় : ১০০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত