banglanews24.com Logo

নৈশভোজ বিতর্কে ফখরুল

17 Feb 2013   07:19:05 PM   Sunday BdST

স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পছন্দের জনা বারো রিপোর্টার নিয়ে অতিগোপনে নৈশভোজ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘটনায় বিএনপির সংবাদ নিয়মিত কভার করা রিপোর্টাররা যেমন ক্ষেপেছেন, তেমনি দলীয় পরিমণ্ডলেও শুরু হয়েছে নানামুখী সমালোচনা।

উপরন্তু এ ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন এমন আয়োজন করলেন ফখরুল? তাহলে কি বছরের পর বছর বিএনপির সংবাদ নিয়মিত কভার করা রিপোর্টারদের দরকার নেই তার?

এটা কি ফখরুলের ব্যক্তিগত মিশন, নাকি তার দলেরও সায় আছে এতে? যদি থাকে তাহলে মাত্র জনা বারো সাংবাদিক নিয়ে কোন বৈতরণী পাড়ি দিতে ‍চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও তার দল?

এই বাছাই করা ১২ রিপোর্টার হলেই কি বিএনপির মিডিয়া কাভারেজের টার্গেট পূরণ হয়ে যাবে? এর বাইরে কি কোন সংবাদ কর্মী বা সংবাদ মাধ্যমের দরকার নেই তার?

ফখরুলের দলের ক’জন সিনিয়র নেতার সঙ্গে কথা বলেও এসব প্রশ্নের স্পষ্ট কোন উত্তর পাওয়া যায়নি। পাছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে সেই ভয়ে এ ব্যাপারে ফরমাল বক্তব্য দিতেও নারাজ ফখরুলের রাজনৈতিক সতীর্থরা।

কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিবের এমন কাণ্ডে যে তারা খুশি নন তাও বেশ ‍বুঝিয়ে দিচ্ছেন মিডিয়া কর্মীদের।  

গত শুক্রবার গুলশানের ভিলেজ রেস্টুরেন্টে আয়োজিত ওই ভোজে অংশ নেওয়া এক সূত্রের দাবি, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এম এ কাইয়ূমের সহযোগিতায় এমন আয়োজন করেন ফখরুলই।

আর এতে অংশ নেন এটিএন বাংলা, এনটিভি, বাংলাভিশন, একুশে টেলিভিশন, বৈশাখী টেলিভিশন ও চ্যানেল২৪সহ আরো ক’টি মিডিয়ার রিপোর্টার।

এ বৈঠকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি বিটের রিপোর্টারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিটে কর্তব্যরত শ’ দু’য়েক রিপোর্টারের মধ্য থেকে বাছাই করে মাত্র ১২ জনকে নিয়ে এমন ভোজসভা আয়োজনের ঘটনায় বাংলানিউজের কাছে তীব্র ক্ষোভও প্রকাশ করেন তারা।

আর ওদিকে এ আয়োজনকে কাণ্ডজ্ঞানহীন উদ্যোগ আখ্যা দিয়ে দলের মধ্যে সরব ও সক্রিয় হয়ে ওঠেন ফখরুল বিরোধীরা। এরই মধ্যে তারা নাকি জল অনেকটাই ঘোলা করে ফেলেছেন। ফখরুলের বিরুদ্ধে দলীয় ইমেজ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলছেন তারা।

সব মিলিয়ে তাই বেশ বিপাকেই পড়েছেন ফখরুল। দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাত্র মাসখানেক আগে এমন ঘটনার জন্ম দিয়ে ফখরুল বড় ধরনের ভুল করলেন বলেও সমালোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এমএম/জেডএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত