banglanews24.com Logo

নির্দিষ্ট অভিযোগেই পদ্মাসেতু চুক্তি বাতিল: নজরুল

01 Jul 2012   03:20:29 PM   Sunday BdST

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিশ্বব্যাংক পদ্মাসেতু বিষয়ক চুক্তি বাতিল করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ‘কৃষি, কৃষক ও বাংলাদেশ: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

‘বিশ্বব্যাংক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চুক্তি বাতিল করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম সরকার আমলে দেশ আখ্যা পেয়েছে তলাবিহীন ঝুড়ি হিসেবে। একুশ বছর পর ক্ষমতায় এসে তারা দুর্নীতিতে এক নম্বর আসন পেয়েছে। দেশকে এ আসন থেকে নামাতে আমাদের তিন বছর সময় লেগে গেছে।’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সমালোচনা করে নজরুল বলেন, ‘ইনু তিনটা নির্বাচন করে ২০ হাজার ভোট পান না। এবার নৌকা নিয়ে জিতে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে ছাড়তে চান। তার জানা উচিৎ-খালেদা জিয়া সম্পর্কে তিনি কতোটা বলতে পারবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করার যে আহবান জানিয়েছেন তার সমালোচনা করে নজরুল বলেন, ‘ভোট ভিক্ষা চাইতে দেখলাম কাল শেখ হাসিনাকে। কিন্তু তাকে ভোট চাইতে হবে কেন? কাজ দিয়েই তো তার ভোট পাওয়া উচিত।’

সদ্য ঘোষিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, ‘এ বাজেট ঘাটতি বাজেট। এটি বিভিন্ন সাহায্য নির্ভর। এতে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে।’
 
‘বিরোধী দলের নেতা-কর্মীদের নামে প্রতিদিন নিত্য নতুন মামলা দেওয়া হচ্ছে’ অভিযোগ তুলে নজরুল বলেন, ‘আওয়ামী লীগের মতো প্রবীন দল কিভাবে এসব করে? তারা তো জানে যে এসব করে ক্ষমতায় টিকে থাকা যায় না। এখন আওয়ামী লীগ ও মহাজোটের অংশীদাররাও বলছে-  দলীয় সরকারে অধীনে নির্বাচন নয়।’

এ সময় ‘তাবেদার অযোগ্য অপদার্থ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে আমাদেরকেই রক্ষা করতে হবে’ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নজরুল।

ভারতকে প্রতিবেশী হিসেবে বন্ধুর মতো আচরণ করার আহবান জানিয়ে তিনি বলেন, ‘তারা ৫৪ নদীতে বাঁধ দিয়ে রেখেছে। এজন্য পলিমাটি জমে নদীর নাব্যতা নষ্ট করছে।’

এ সময় বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করে প্রয়োজন মেটানোরও পরামর্শ দেন নজরুল।

জিয়া কালচারাল ফাউন্ডেশন চেয়ারম্যান সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি হেলেন জেরিন খান, ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান আব্দুল মতিন প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
মিডিয়া হাউজ, প্লট#৩৭১/এ (৩য় তলা), ব্লক#ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নিউজরুম মোবাইল ফোন: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯, ০১৭২৯০৭৭৩৩০, ০১৭২৯০৭৬৯৫৪ ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১-২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, news@banglanews24.com (সেন্ট্রালডেস্ক) corr.bn24@gmail.com (কান্ট্রিডেস্ক), editor@banglanews24.com (এডিটর-ইন-চিফ)
বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন       একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান       কপিরাইট © 2013 banglanews24.com সকল স্বত্ব ® সংরক্ষিত