English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

জ্যেষ্ঠ নাগরিকরা পাবেন স্বাস্থ্যসেবাসহ নানা সুবিধা


এস এম আববাস, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জ্যেষ্ঠ নাগরিকরা পাবেন স্বাস্থ্যসেবাসহ নানা সুবিধা

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। প্রবীণ জনগোষ্ঠীর অনেকেই বর্তমানে স্বাস্থ্যগত অসুবিধা, আর্থিক অসচ্ছলতাসহ একাকীত্বের ভার নিয়ে দুঃসহ দিন কাটাচ্ছেন। তাই প্রবীণদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দেশের এক কোটিরও বেশি প্রবীণকে ‘জ্যেষ্ঠ নাগরিক’ (সিনিয়র সিটিজেন) হিসেবে ঘোষণা করতে যাচ্ছে।

এ সংক্রান্ত জাতীয় নীতিমালার খসড়া ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা যায়, সাধারণত- ৬০ বছর বা তদুর্ধ্ব বয়সের লোককে প্রবীণ হিসেবে ধরা হয়। বাংলাদেশেও একই বিবেচনা করা হয়েছে।

নীতিমালা তৈরিতে গঠন করা উপ-কমিটি বুধবার ১২ ডিসেম্বর জাতীয় কমিটিকে সুপারিশপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এরপরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে জাতীয় নীতিমালারে এ খসড়া।  

নীতিমালাটি মন্ত্রিসভায় অনুমোদন হলে দেশের জ্যেষ্ঠ নাগরিকদের সিনিয়র সিটিজেন ঘোষণা করা হবে। নীতিমালা অনুযায়ী সারাদেশে জরিপ চালিয়ে খুঁজে বের করা হবে প্রবীণ নাগরিকদের। এরপর সরকার তাদের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা দেবে।

জাতীয় নীতিমালার খসড়া প্রণয়নের সুপারিশ করতে গঠন করা উপ-কমিটির সদস্য সচিব হোসেন মোল্লা বাংলানিউজকে এসব তথ্য দেন।

হোসেন মোল্লা জানান, সুপারিশ অনুযায়ী জ্যেষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেনরা আবাসন, স্বাস্থ্য ও যানবাহন সুবিধা পাবেন। সব জেলায় প্রবীণদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা, ট্রেন-বাস-লঞ্চে অর্ধেক ভাড়াসহ বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে সুপারিশ করা হচ্ছে।

তিনি বলেন, “ডিসেম্বরেই সমাজকল্যাণ মন্ত্রণালয় খসড়া নীতিমালা চূড়ান্ত করে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করবে। মন্ত্রিসভা এটির অনুমোদন দিলে জাতীয় নীতিমালা অনুযায়ী প্রবীণদের ‘জ্যেষ্ঠ নাগরিক’ ঘোষণা করবে সরকার।”

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রবীণ নাগরিক ঘোষণায় জাতীয় নীতিমালা প্রণয়নে পুনঃর্গঠিত ২৮ সদস্যের জাতীয় কমিটির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এবং সহ-সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি।

জাতীয় অধ্যাপক এম আর খানকে আহবায়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) হোসেন মোল্লাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের উপ-কমিটি গঠন করে জাতীয় কমিটি। প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক বা সিনিয়র সিটিজেন ঘোষণাসহ বিভিন্ন বিষয় বাস্তবায়নে কাজ করে আসছে এই উপ-কমিটি।

উপ-কমিটির সদস্য সচিব হোসেন মোল্লা বাংলানিউজকে বলেন, “উপ-কমিটি শুক্রবার বৈঠক করে সুপারিশ তৈরি করে। সুপারিশ চূড়ান্ত করে বুধবার জমা দেবে জাতীয় কমিটির কাছে। আর এ সুপারিশের আলোকে ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় কামিটি নীতিমালা চূড়ান্ত করবে। এরপর এই নীতিমালা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।”

হোসেন মোল্লা জানান, “ শ্রীলংকা ও ভারতের নীতিমালা দেখেছি। সে অনুযায়ী দেশের প্রবীণদের সম্মান জানাতে এবং তাদের স্বাস্থ্যসেবা ও আবাসন ব্যবস্থা করার বিষয় রাখা হয়েছে। এছাড়া যানবাহন সুবিধা এবং হুইল চেয়ারেরও ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে।”

তিনি জানান, “উপ-কমিটিতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল, ড. আতিয়ার রহমানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে সুপারিশ প্রস্তুত করা হয়েছে।”

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রবীণদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি জাতীয় নীতিমালার খসড়া তৈরি করা হয় ২০০৬ সালে। তবে খসড়া তৈরি হলেও এটি চূড়ান্ত করতে গত ছয় বছরে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

কয়েকমাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ নাগরিকদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এটির উদ্যোগ নেন। তার ওই উদ্যোগের ফলে গত ২ জুলাই পুনঃগঠন করা হয় ২৮ সদস্যের জাতীয় কমিটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ সেপ্টেম্বর প্রস্তাবিত জাতীয় কমিটি অনুমোদন করেন। এরপর গত ১৮ নভেম্বর জাতীয় কমিটি প্রথম বৈঠক করে। আর ওইদিনই গঠন করা হয় উপ-কমিটি।

 প্রসঙ্গত, বিশ্বে জন্মহার ও মৃত্যুহার কমছে। এ কারণে প্রবীণদের সংখ্যাও বাড়ছে। ধারণা করা হচ্ছে- ২০২৫ সালে প্রবীণদের সংখ্যা বেড়ে ১ কোটি ৮০ লাখের মতো হবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এসএমএ/এআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান