![]() |
ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করায় ট্রাইব্যুনাল নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। ট্রাইব্যুনাল ২ এর বর্তমান চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর পাচ্ছেন ট্রাইব্যুনাল-১ এর দায়িত্ব আর তার ছেড়ে আসা পদে বসতে যাচ্ছেন ওই ট্রাইব্যুনালেরই সদস্য বিচারপতি ওবায়দুল হাসান। এই সম্ভাবনার কথা বাংলানিউজকে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।
এর ফলে একজন চেয়ারম্যান পদত্যাগ করার পর ট্রাইব্যুনালের প্রয়োজন হবে নতুন একজন সদস্য। আর সেই সদস্য কে হতে পারেন সে নিয়েও সম্ভাবনার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি জানান এক্ষেত্রে দুই জনের সম্ভাবনা উজ্জ্বল। একজন হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং অন্যজন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া । তবে এক্ষেত্রে জেলাজজ মোস্তাক খন্দকারের নামও শোনা যাচ্ছে।
সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগপত্র জমা দেওয়ার পরই আইন মন্ত্রণালয় বিচারপতি এটিএম ফজলে কবীরকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান পদে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। তিনি এর আগে ১ নম্বর ট্রাইব্যুনালের বিচারক প্যানেলের সদস্য ছিলেন। এ কারণে এ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত বলে তাকে ফের সেখানে ফিরিয়ে এনে চেয়ারম্যানের শূন্য পদ পূরণ করা হচ্ছে। আর ট্রাইব্যুনাল-২ এর অভিজ্ঞ সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকেই করা হবে সেটির প্রধান।
এদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম মঙ্গলবারই দুই ট্রাইব্যুনাল পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগের পর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ‘‘অবশ্যই বুধবারই ট্রাইব্যুনাল-১ ও ২ এর নতুন চেয়ারম্যানরা নিয়োগ পাবেন।’’
বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগে যুদ্ধাপরাধের বিচার ব্যবস্থায় কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানান আইন প্রতিমন্ত্রী।
সূত্র জানায়, বিচার প্রক্রিয়াতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটাতেই দ্রুততার সঙ্গে দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠন করা হবে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গঠিত হয় ২০১০ সালের ২৫ মার্চ। বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে অপর ২ জন সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা জজ জহির আহমেদ ও সুপ্রিম কোর্টের বিচারপতি এটিএম ফজলে কবীর। এ বছরের ২৮ আগস্ট জহির আহমেদ পদত্যাগ করলে তার স্থলে নিয়োগ পান বিচারপতি আনোয়ার-উল হক।
এ বছরের ২২ মার্চ এটিএম ফজলে কবীরকে চেয়ারম্যান করে গঠিত হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। এ কারণে প্রথম ট্রাইব্যুনালে আনা হয় বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে। আর দ্বিতীয় ট্রাইব্যুনালের সদস্য হন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও প্রথম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলাম।
বর্তমানে ট্রাইব্যুনাল-১ এর অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ার-উল হক । আর ট্রাইব্যুনাল-২ এর ৩ সদস্যের প্যানেলে সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান ও শাহিনুর ইসলাম। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন যথাক্রমে যুগ্ম জেলা জজ একেএম নাসিরউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মেজবাহ উদ্দিন আহম্মেদ।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন মাহমুদের হাতেই আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান বিচারপতি নিজামুল হক নাসিম। আইন সচিব আবু সোহেল শেখ মোহাম্মদ জহিরুল হক পদত্যাগপত্রটি গ্রহণ করেন। পদত্যাগপত্র পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন সচিব।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
জেএ/জেপি/এমইএস সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর/মাহমুদ মেনন, হেড অব নিউজ eic@banglanews24.com