নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরের চরবায়োজিদ গ্রামে শুক্রবার রাতে বসত ঘরে অগ্নিদগ্ধ হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
মৃত ওই ৩ শিশু হলো, মো. ফকির (৭), সম্পদ (১) ও আয়েশা (১৮ মাস)। তাদের বাবার নাম গিয়াস উদ্দিন।
এ ঘটনায় চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন ও চর থানা পুলিশ বাংলানিউজকে জানান, রাত সাড়ে আটটায় চর বায়োজিদ গ্রামের গিয়াস উদ্দিনের বাড়ির রান্না ঘরে আগুন লাগে।
মুর্হূতের মধ্যে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ওই তিন শিশু খাটের নিচে আশ্রয় নেয়। এ সময় আগুনে ঘরসহ তিন শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
খবর পেয়ে চরজব্বার থানার পুলিশ ওই ৩ শিশুর লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে এ ঘটনায় সুবর্ণচর উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে নগদ ১০হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ১০ জুন, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর