খুলনা : পেট্রোল পাম্পের মালিকানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ হাসান পিকুসহ ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মীরেরডাঙ্গা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, মীরেরডাঙ্গা পেট্রোল পাম্পের মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর পিকু, যুবলীগ কর্মী মাসুদ ও হাফিজ আহত হন।
এর মধ্যে মাসুদ ও হাফিজের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কাউন্সিলর পিকুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে ওসি হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেয়।
বাংলাদেশ সময় : ২২২২ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর