![]() |
ঢাকা: গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি না দিলে হরতাল, অবরোধসহ সর্বাত্মক আন্দোলন কর্মসূচি দিয়ে সারা দেশ অচল করার হুমকি দিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি আবদুল জব্বার।
শুত্রুবার বিকালে শিবিরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এক বৈঠকে এ হুমকির কথা জানানো হলেও কোথায় ওই বৈঠক হয়েছে তা জানানো হয়নি।
ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা এ বৈঠকের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ হুমকি দেন শিবিরের সেক্রেটারি আবদুল জব্বার।
আবদুল জব্বার বলেন, ছাত্রশিবির সরকারের অপশাসনে বাধ্য হয়ে রাজপথে নেমেছে। আন্দোলন শুরু করেছে। সরকারের সকল জুলুমের জবাব দিতে শিবির প্রস্তত। যে কোনো সময় ছাত্ররা রাস্তায় নেমে এ সরকারেরর বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে।
শিবিরের সেক্রেটারি আরো বলেন, সরকার ছাত্রশিবিরের ওপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে ছাত্রশিবির দমনে ব্যয় করে শিবিরকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে।
তিনি বলেন, শিবির আজ লাখো-কোটি কর্মীর সংগঠন। নেতাকর্মীদের গ্রেফতার, হামলা, মামলা, নির্যাতন করে এ সংগঠনকে দমানো যাবে না।
কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সরকারের নির্যাতন সংগঠনকে আরো শক্তিশালী করেছে।
শাখা সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা কলেজ শাখার সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী, ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি রেজাউল হক রিয়াজ ও ঢাকা কলেজ শাখার সেক্রেটারি নাজিম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এনএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com