![]() |
নন্দিত মডেল ও অভিনেত্রী মোনালিসার সব মনোযোগ এখন শুটিংয়ে। ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে আমেরিকা সফর, নিউইয়র্কে নাটকীয় বিয়ে আর দেশে ফিরে কয়েকদিন বিশ্রামের পর মোনালিসা ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যসব ঈদের চেয়ে এবার তাকে তুলনামূলক বেশি নাটকে অভিনয় করতে দেখা যাবে।
গতমাসের ১৪ তারিখ ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে আমেরিকা সফরে গিয়েছিলেন। হঠাৎ করেই বড়বোন আর দুলাভাইয়ের মধ্যস্থতায় নিউইয়ার্কে ১৭ জুন আমেরিকা প্রবাসী নারায়ণগঞ্জের ছেলে ফাইয়াজ শরীফের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়। মোনালিসা দেশে ফিরেন ২৯জুন। এরপর টানা প্রায় এক সপ্তাহ বিশ্রামের পর তিনি ক্যামেরার সামনো দাড়ান।
আসন্ন ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ আর প্রচার চলতি একাধিক ধারবাহিক নাটকের শুটিংয়ে তিনি বর্তমানে অংশ নিচ্ছেন। আমেরিকা থেকে দেশে ফেরার পর ধারাবাহিক নাটক ‘জয়নাল জাদুকর’ ও ‘পা রেখেছি যৌবনে’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। চলতি সপ্তাহে একাধিক ঈদের নাটকে অভিনয়ের কথা আছে তার।
নিউইয়র্কে হঠাৎ করে বাগদান সম্পন্ন হওয়া প্রসঙ্গে মোনালিসা বলেন, আসলে পুরো ব্যাপারটিই হয়েছে পারিবারিকভাবে। এতো দ্রুত ঘটনাটি ঘটেছে যে মিডিয়ার তেমন কাউকে জানানোর সুযোগ পাই নি। রিসিপশন অনুষ্ঠানে অবশ্যই সবাইকে নিমন্ত্রণ জানাবো।
কবে নাগাদ হবে রিসিপশন ? মোনালিসা বললেন, এ বিষয়ে আমাদের দুই পরিবারের মধ্যে কথাবার্তা হচ্ছে। এবছরের শেষে বা আগামী বছরের প্রথম রিসিপশনের আয়োজন হতে পারে। ফাইয়াজ এ মুহূর্তে তার পিএইচডি নিয়ে ব্যস্ত। পুরোটাই তার ফ্রি হওয়ার উপর নির্ভর করছে। আর আমি আপাতত অভিনয়ে পুরো মনোযোগ দিতে চাই। দেশের বাইরে থাকার কারণে হাতে অনেক কাজ জমে গেছে।
বাংলাদেশ সময় ২২৪৫, জুলাই ০৮,২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন